পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু এলাকায় নিরাপত্তা অভিযান চালিয়ে ২২ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর–আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, নিহতরা ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ গোষ্ঠীর সদস্য।
সংস্থাটি বলছে, ভারতীয় প্রক্সি হিসেবে পরিচিত ফিতনা আল-খারেজির উপস্থিতির তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয় এবং গোলাগুলির মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হয়। আইএসপিআর আরো জানায়, এলাকায় সম্ভাব্য অন্য সন্ত্রাসী সদস্যদের শনাক্ত করতে ‘পরিচ্ছন্ন অভিযান’ চলমান রয়েছে।
এদিকে পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে খোস্ত প্রদেশে পাকিস্তানের পরিচালিত হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান তালেবান সরকার। তবে পাকিস্তান বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয় এবং কাতার-তুরস্কের মধ্যস্থতায় তা সাময়িকভাবে থেমে গেলেও উত্তেজনা বিদ্যমান ছিল। সোমবার পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ।
পাকিস্তানকে পাল্টা প্রতিক্রিয়ার সতর্কতা জানিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

