নির্বাচনে পরাজয়ের পর সামরিক অভ্যুত্থানের চেষ্টা এবং ক্ষমতা হস্তান্তর ঠেকাতে ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গত সেপ্টেম্বর ২৭ বছরের কারাদণ্ড দেন আদালত। এই দণ্ড কার্যকর শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কারাভোগে যাবেন।
রায়ে বলা হয়েছে, ৭০ বছর বয়সী বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার একটি পুলিশ ব্যারাকের ভেতরে ১২ স্কয়ার ফুটের একটি কক্ষে দণ্ড ভোগ করবেন। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।
২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর বলসোনারো সামরিক বাহিনীকে ব্যবহার করে নতুন প্রেসিডেন্ট লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণ ঠেকানোর চেষ্টা করেন। পাশাপাশি লুলা এবং তার রাজনৈতিক সহযোগী গেরালডো আল্কমিনকে হত্যার পরিকল্পনারও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে সামরিক নেতৃত্ব তার ওই পরিকল্পনায় সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে লুলা ক্ষমতায় আসার পর বলসোনারো ও তার ছয় ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মামলা হয়।
সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস মঙ্গলবার জানান, দণ্ডের বিরুদ্ধে আপিলের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এখন তার সাজা কার্যকর হওয়া বাধ্যতামূলক। গত আগস্ট থেকেই তিনি গৃহবন্দি ছিলেন এবং তার পায়ে ইলেকট্রনিক অ্যাংকেল ট্যাগ লাগানো ছিল। তবে সেই ডিভাইস কাটার চেষ্টা করার পর শনিবার তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তার ছয় সহযোগীকেও একইভাবে সাজার নির্দেশ দেওয়া হয়েছে।

