পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আছেন এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গত বুধবার ২৬ নভেম্বর গুজব ছড়িয়ে পড়ে যে তাকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর পরই আদিয়ালা কারা প্রশাসন এক বিবৃতি দিয়ে জানায়, এ ধরনের তথ্য সত্য নয়।
বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, “আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য জায়গায় নেওয়া হয়নি। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। অসুস্থতার বিষয়ে প্রচারিত খবর ভিত্তিহীন।”
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলা দায়ের হয়। সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা এবং গোপন রাষ্ট্রীয় নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। নানা রাজনৈতিক পরিস্থিতি ও আইনি প্রক্রিয়ার মধ্যে ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার জামিনে মুক্তি পেলেও পরে আবার আটক করা হয় এবং চলতি সময় পর্যন্ত তিনি কারাগারেই আছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, কারাগারে খানের খাবারের তালিকা পাঁচ তারকা হোটেলের মানের, তার জন্য টেলিভিশন রয়েছে এবং তিনি ইচ্ছা অনুযায়ী যেকোনো চ্যানেল দেখতে সক্ষম। ব্যায়ামের সরঞ্জাম থেকে শুরু করে ডাবল বেড পর্যন্ত সব সুবিধাই তিনি পাচ্ছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

