হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫। গতকাল বুধবার (২৬ নভেম্বর) তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকাজুড়ে বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাথমিকভাবে বাঁশের মাচায় আগুনের সূত্রপাত হয় তারপর মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য অংশে পৌঁছে যায় বলে প্রতিবেদনে জানা গেছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আটটি ব্লক নিয়ে গঠিত ওই আবাসিক কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে আর বের হতে পারেননি।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিবিসি নতুন তথ্য দিয়ে জানায়, অগ্নিকাণ্ডে ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান এবং চারজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় আরও ৪৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আগুন লাগার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে টানা ১৫ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। এর আগের সরকারি আপডেটে ৩৬ জনের মৃত্যু এবং ২৭৯ জনের নিখোঁজ থাকার খবর আসে যা থেকে ধারণা করা হয় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজন ঐ কোম্পানির পরিচালক এবং আরেকজন পরামর্শক।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন লাগার পর অস্বাভাবিকভাবে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনের ভেতর পাওয়া পলিস্টাইরিনসহ দাহ্য উপকরণ আগুন জ্বলে ওঠায় বড় ভূমিকা রাখে। পাশাপাশি নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ না করায় আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এবং মানুষজন সময়মতো বেরিয়ে আসতে ব্যর্থ হন।

