বাংলাদেশ গত সপ্তাহে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যার্পণ অনুরোধ পাঠায়। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তারা এই অনুরোধ পর্যালোচনা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া বৃহস্পতিবার জানিয়েছে, সরাসরি কোনো উত্তর না দিয়ে ভারত মূলত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অ-প্রতিশ্রুতি অবস্থান অব্যাহত রেখেছে। তবে তারা আনুষ্ঠানিকভাবে অনুরোধটি পেয়েছে।
জুলাই মাসে গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রণধীর জয়সওয়ালের বর্তমান মন্তব্যের মূল বক্তব্য আগের রায়ের দিন তার দেওয়া মন্তব্যের সঙ্গে ভিন্ন নয়।
ভারত ইতিমধ্যেই কয়েকবার বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধ গ্রহণ করেনি। ভবিষ্যতেও একই অবস্থান অব্যাহত রাখতে পারে, কারণ বাংলাদেশে বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার রয়েছে।
জয়সওয়াল জানিয়েছেন, ভারতের লক্ষ্য বাংলাদেশের জনগণের কল্যাণ, বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি বলেন, এ বিষয়ে ভারতের সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ থাকবে।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরো বলা হয়েছে, হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলেও ভারত মনে করে করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

