চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কুনমিংয়ে একটি ট্রেনের ধাক্কায় ১১ জন রেলকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। দেশটিতে এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রেল দুর্ঘটনার মধ্যে একটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি লুয়াং টাউন স্টেশনের কাছে ঘটেছে। ওই সময় ট্রেনটি ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিল এবং বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্টেশনটি আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। প্রাথমিকভাবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে।
চীনের রেল নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড়গুলোর মধ্যে একটি, যা প্রায় ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ। প্রতিবছর দেশটির রেল কর্তৃপক্ষ কোটি কোটি ট্রিপ পরিচালনা করে। এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনে একই ধরনের দুর্ঘটনায় ১১ রেলকর্মী প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ২০১১ সালে ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং ২০০-এর বেশি মানুষ আহত হয়েছিলেন।
চীনের রেল ব্যবস্থা সাধারণত নিরাপদ ও কার্যকর হিসেবে পরিচিত হলেও মাঝে মাঝে এমন ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে।

