মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর অভিবাসন নীতির দিকে ঝুঁকলেন। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের পথ বন্ধ করার ঘোষণা দিয়ে তিনি জানান—তার প্রশাসন দ্রুতই এই উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে “স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে” তিনি অভিবাসন নীতি পুনর্গঠন করছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, অ-নাগরিকদের জন্য সব ধরনের কেন্দ্রীয় সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে।
শুধু তাই নয়, তিনি আরও বলেন—যারা যুক্তরাষ্ট্রের শান্তি, নিরাপত্তা বা সামাজিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করবে, তাদের নাগরিকত্ব বাতিলের পাশাপাশি বহিষ্কারের প্রক্রিয়া জোরদার করা হবে। দেশটির নিরাপত্তার জন্য “ঝুঁকিপূর্ণ বা বোঝা”—এমন বিদেশিদের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
এ ঘোষণার কিছু ঘণ্টা আগেই ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্যের মৃত্যু হয়। তদন্তকারীরা জানান, হামলায় একজন আফগান নাগরিক জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পরই অভিবাসন নিয়ে ট্রাম্পের এই কঠোর বক্তব্য আরও আলোচনার জন্ম দিয়েছে।

