তাজিকিস্তান–আফগানিস্তান সীমান্তে আকস্মিক একটি ড্রোন হামলায় তিন চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
দূতাবাসের জানানো তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাতলন প্রদেশে একটি চীনা মালিকানাধীন খনি প্রতিষ্ঠানের ওপর এই আক্রমণ চালানো হয়। ঠিক কোথা থেকে ড্রোনটি এসেছে, সে বিষয়ে শুরুতে কিছু জানানো হয়নি। তবে পরে তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাটি আফগানিস্তানের দিক থেকে আসা একটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে এবং এতে গ্রেনেড সংযুক্ত ছিল।
হামলার লক্ষ্য ছিল চীনা খনি কোম্পানি এলএলসি শাহিন এসএম। নিহত তিনজনই ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করা হয়। ঘটনার পর চীন তাজিক কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত শুরু করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি আফগানিস্তানের তালেবান প্রশাসনকেও ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে কাবুল এখনো কোনও মন্তব্য দেয়নি।
গত কয়েক বছর ধরে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনা নিয়মিত ঘটছে। সেসব আক্রমণের পেছনে বিদ্রোহী সংগঠন বিএলএ এবং টিটিপির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। নতুন এই হামলা অঞ্চলজুড়ে নিরাপত্তা শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

