পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের মুক্তি চেয়েছেন তার ছোট ছেলে কাসিম খান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে কাসিম বলেন, গত ছয় সপ্তাহ ধরে তার বাবা পাকিস্তানের কারাগারের ডেথ সেলে বন্দি আছেন এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
তিনি জানান, আদালতের অনুমোদন থাকা সত্ত্বেও ইমরানের সঙ্গে দেখা করতে পারছেন না তার বোন ও অন্যান্য স্বজনরা। এছাড়াও, তার সঙ্গে ফোনে যোগাযোগও সম্ভব হচ্ছে না। কাসিম বলেন, “আমরা বাবার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না, তার স্বাস্থ্যের বা অবস্থার খবরও জানি না।”
তিনি আরো দাবি করেন, “বাবার নিরাপত্তাহীনতা এবং যে অমানবিক বিচ্ছিন্ন পরিবেশে তাকে রাখা হয়েছে— তার আইনগত, নৈতিক ও আন্তর্জাতিক দায় সম্পূর্ণভাবে পাকিস্তান সরকারের উপর বর্তায়।” কাসিম পোস্টে উল্লেখ করেছেন, ইমরান খান ৮৪৫ দিন ধরে কারাগারে বন্দি আছেন।
ইমরান খান ক্রিকেটার জীবনে কিংবদন্তি ছিলেন, পরে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন। তবে সেনাবাহিনীর সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দিলে ২০২২ সালে পার্লামেন্টের অনাস্থাভোটে তিনি ক্ষমতাচ্যুত হন।
ক্ষমতা হারানোর পর একের পর এক মামলার মুখোমুখি হন ইমরান খান। এসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।
ব্যক্তিগত জীবনে ইমরান খানের শুরুতে ‘প্লেবয়’ ইমেজ ছিল। ১৯৯৫ সালে তিনি ব্রিটেনের নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের সন্তান সুলাইমান ইসা ও কাসিম বর্তমান সময়ে জেমিমার সঙ্গে থাকেন। জেমিমা পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে ফিরে পেশাদার লেখালেখি, চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণে মন দেন। পরে ইমরান আরো দু’বার বিয়ে করেছেন।

