অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ৬২ বছর বয়সে তাঁর দীর্ঘদিনের সঙ্গী জোডি হেইডেনকে বিয়ে করেছেন। শনিবার (২৯ নভেম্বর) ক্যানবেরায় ছোট্ট আয়োজনে অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। গত বছর ভ্যালেন্টাইনস ডে-তে হেইডেনকে প্রস্তাব দেন অ্যান্থনি। তবে বিয়ের তারিখ ও আনুষ্ঠানিকতা গোপন রাখা হয় শেষ মুহূর্ত পর্যন্ত।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ক্যানবেরার ‘দ্য লজ’-এ সীমিত সংখ্যক অতিথি নিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বে থেকে বিয়ে করলেন। বিবাহোত্তর বক্তব্যে অ্যান্থনি বলেন, “প্রিয় মানুষদের সামনে একে অপরের প্রতি ভালোবাসার অঙ্গীকার করতে পারা আমাদের জন্য আনন্দের।”
জোডি হেইডেন গত কয়েক বছর ধরে অ্যান্থনির রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নেন। ২০২২ সালে নির্বাচনী প্রচারণাতেও পাশে ছিলেন তিনি, যে প্রচারণার ফলেই লেবার পার্টি বিপুল ভোটে জয় পায়।
বিয়েতে হেইডেন পরেছিলেন সিডনিভিত্তিক ডিজাইনার ব্র্যান্ড ‘রোম্যান্স ওয়াজ বর্ন’-এর পোশাক। প্রধানমন্ত্রী আলবানিস পরেন এমজে বেলের তৈরি স্যুট। বিশেষ আকর্ষণ ছিল তাঁদের পোষা কুকুর টোটো, যে ছিল বিয়ের আংটি বহনকারী। অনুষ্ঠানে অতিথিদের বিশেষ ক্যানজাত বিয়ার পরিবেশন করা হয়।
বিবাহের পর নবদম্পতি জানায়, তারা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হানিমুনে থাকবেন এবং অস্ট্রেলিয়ার মধ্যেই কাটাবেন এ সময়। হানিমুনের খরচ রাষ্ট্র নয়, দুজন নিজেরাই বহন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে।

