ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন, পরে পুলিশও যোগ দেয়। আহতদের অনেককে স্থানীয়রা বাসের ভেতর থেকে বের করে আনেন।
এনডিটিভি জানিয়েছে, সংঘর্ষের সময় একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদি যাচ্ছিল এবং অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে আসছিল। দুর্ঘটনার পর প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি বাসের চালকের পাশের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি নিহতদের এক সারিতে শুইয়ে রাখা ও রক্তাক্ত অবস্থায় বহু যাত্রীকে আটকে থাকতে দেখা গেছে।
গত সপ্তাহেও তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ শেষ হওয়ার আগেই একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটল, যাতে প্রাণ গেল আরও ১১ মানুষের।

