রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, সেটিকে শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, আন্তর্জাতিক আইনের জন্যও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বিশেষ করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় এই রায়ের ব্যাখ্যা ও প্রমাণের মানদণ্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন এক বিশ্লেষণে লিখেছেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই রায় দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য একটি বড় অগ্রগতি।
এর মধ্য দিয়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে আইসিজেতে দোষী সাব্যস্ত হওয়া প্রথম রাষ্ট্র হিসেবে মিয়ানমারের নাম যুক্ত হয়েছে।
২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সেনা, পুলিশ ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হন বলে আদালতে উপস্থাপিত তথ্যপ্রমাণে উঠে এসেছে। ওই সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ব্যাপক নিপীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখেরও বেশি।
বৃহস্পতিবার রায় ঘোষণার সময় কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে বড় পর্দার সামনে জড়ো হয়ে তা দেখেন রোহিঙ্গারা।
‘গণহত্যার উদ্দেশ্য’ প্রমাণই ছিল সবচেয়ে কঠিন
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণের পর ৯-৬ ভোটে দেওয়া রায়ে আদালত গণহত্যা, ধর্ষণ, নির্যাতন এবং পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনার বিবরণ তুলে ধরে। কোথাও কোথাও বাড়ির ভেতরে মানুষকে আটকে রেখে পুড়িয়ে হত্যার ঘটনাও বিবেচনায় নেয় আদালত।
তবে গণহত্যার মামলায় শুধু ব্যাপক হত্যাকাণ্ড প্রমাণ করাই যথেষ্ট নয়। সবচেয়ে কঠিন বিষয় হলো—কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কি না, তা প্রমাণ করা।
১৯৪৮ সালের গণহত্যা সনদে অপরাধটির সংজ্ঞার কেন্দ্রেই রয়েছে এই ‘উদ্দেশ্য’।
এই সনদ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হলোকস্ট থেকে বেঁচে যাওয়া আইনজ্ঞ রাফায়েল লেমকিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবেই গণহত্যার আইনি মানদণ্ড কঠোর রেখেছিলেন।
জেরেমি বোয়েন লিখেছেন, সরকার বা সামরিক বাহিনীর কাছ থেকে সরাসরি এমন নথি পাওয়া প্রায় অসম্ভব, যেখানে স্পষ্টভাবে গণহত্যার উদ্দেশ্যের কথা লেখা থাকবে।
তাই আদালত রাখাইনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের সহযোগীদের ধারাবাহিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাৎনিক স্কুল অব গভর্নমেন্টের গ্লোবাল সিকিউরিটি বিভাগের চেয়ার অধ্যাপক জেনিনা ডিল বলেন, কোনো ধারাবাহিক কর্মকাণ্ডের ধরন থেকেও গণহত্যার উদ্দেশ্য যৌক্তিকভাবে অনুমান করা যেতে পারে।
তাঁর মতে, অন্য উদ্দেশ্য—যেমন বিদ্রোহ দমন, শাস্তি দেওয়া বা মানুষকে বাস্তুচ্যুত করা—একই সঙ্গে থাকলেও তাতে গণহত্যার উদ্দেশ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না।
তিনি বলেন, আদালত স্পষ্ট করেছে যে অন্য উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু সামগ্রিক সাক্ষ্যপ্রমাণ ব্যাখ্যা করতে গেলে গণহত্যার উদ্দেশ্যকেও বিবেচনায় নিতে হবে।
গাজার মামলায় কেন গুরুত্বপূর্ণ এই রায়
মিয়ানমার মামলার রায়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রভাব পড়তে পারে আইসিজেতে বিচারাধীন গাজা-সংক্রান্ত মামলায়।
দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড ঘটেছে। ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার ফিলিপ স্যান্ডস কেসি বিবিসির ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে বলেন, রোহিঙ্গা মামলার যুক্তিতর্ক চলাকালে গাজার বিষয়টি ছিল ‘ঘরের মধ্যে থাকা হাতি’—অর্থাৎ সবাই বিষয়টি সম্পর্কে সচেতন ছিলেন, কিন্তু সরাসরি তা নিয়ে আলোচনা হচ্ছিল না।
তাঁর ভাষায়, ‘সবাই জানতেন, রোহিঙ্গা গণহত্যা মামলায় আদালতের রায় পরবর্তী মামলার ওপর প্রভাব ফেলবে।’
স্যান্ডস বলেন, গাম্বিয়া যদি মামলায় হেরে যেত, তাহলে গাজার মামলার পথও অনেক বেশি কঠিন হয়ে যেত। কিন্তু গাম্বিয়া সফল হওয়ায় দক্ষিণ আফ্রিকার জন্য আইনি পথ খোলা থাকছে।
তবে তিনি সতর্ক করে বলেন, এর অর্থ এই নয় যে দক্ষিণ আফ্রিকা মামলায় জিতবেই বা আইসিজে গাজায় গণহত্যা হয়েছে বলে রায় দেবেই।
মূল বিষয় হলো, এখন ‘গণহত্যার উদ্দেশ্য’ প্রমাণের ক্ষেত্রে আদালত কী ধরনের সাক্ষ্যপ্রমাণ গ্রহণযোগ্য মনে করছে, তার একটি আরও স্পষ্ট মানদণ্ড সামনে এসেছে।
আইসিজের বিচারকরাও বলেছেন, প্রতিটি মামলা তার নিজস্ব ঘটনা, প্রমাণ ও প্রেক্ষাপটের ভিত্তিতে বিচার করতে হবে। ফলে মিয়ানমারের মামলার রায় গাজার মামলার ফল নির্ধারণ করবে না, তবে আইনের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে ব্যবহৃত হতে পারে।
রায় এলেও রোহিঙ্গাদের বাস্তবতা বদলাচ্ছে না

আইসিজের রায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে স্বস্তি ও আনন্দ তৈরি করলেও তাদের জীবনে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসছে না।
কারণ, আদালতের রায় বাস্তবায়ন করানোর নিজস্ব কোনো বাহিনী বা সরাসরি প্রয়োগক্ষমতা নেই।
আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও বাস্তবে সেই ক্ষতিপূরণ কীভাবে নির্ধারণ ও আদায় হবে, সেটিও জটিল প্রশ্ন।
শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বহু পরিবার সদস্য হারিয়েছে। ফলে ক্ষতিপূরণ শুধু অর্থের অঙ্কে সীমাবদ্ধ রাখা কতটা সম্ভব, সেটিও আলোচনার বিষয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার ইস্যুতে ‘পেন হোল্ডার’ হিসেবে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রায়ের পর লন্ডন বলেছে, ভয়াবহ এসব অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে তারা পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।
যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডেকেছে এবং লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছে।
তবে নিরাপত্তা পরিষদে কঠোর পদক্ষেপ নেওয়ার পথে বড় বাধা হতে পারে চীন ও রাশিয়ার ভেটো ক্ষমতা।
আন্তর্জাতিক আইনের জন্যও বড় পরীক্ষা
জেরেমি বোয়েনের মতে, রোহিঙ্গা মামলার রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর জন্যও গুরুত্বপূর্ণ।
১৯৪৮ সালের গণহত্যা সনদ তৈরি হয়েছিল নাৎসি বাহিনীর ভয়াবহতা ও হলোকস্টের পুনরাবৃত্তি ঠেকানোর লক্ষ্য নিয়ে।
বর্তমান বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন রাজনৈতিক ও ভূরাজনৈতিক চাপের মুখে পড়লেও এই রায় দেখিয়েছে, আইসিজে এখনো রাষ্ট্রের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের আলোকে বিচার করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও এ মামলায় বিতর্ক রয়েছে। ২০২২ সালে জো বাইডেন প্রশাসন ঘোষণা করেছিল, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
অন্যদিকে বর্তমান ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গণহত্যার আইনি মানদণ্ড শিথিল না করার বিষয়ে সতর্ক করেছেন। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ গত মাসে বলেন, ‘গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড যেন শিথিল করা না হয়।’
তিনি যুক্তি দেন, মার্কিন ও মিত্রদেশগুলোর সেনাদের ভবিষ্যৎ দায়ের প্রশ্নে এ মানদণ্ড গুরুত্বপূর্ণ। তবে তাঁর এই বক্তব্যকে অনেকে আইসিজেতে ইসরায়েলের অবস্থানের প্রতি সমর্থন হিসেবেও ব্যাখ্যা করেছেন।
সব মিলিয়ে রোহিঙ্গা মামলার রায় গাজার মামলার ফল আগেই নির্ধারণ করে দিচ্ছে না। তবে গণহত্যার উদ্দেশ্য কীভাবে প্রমাণ করা যায়, কোন ধরনের ধারাবাহিক কর্মকাণ্ড থেকে সেই উদ্দেশ্য অনুমান করা যায় এবং অন্য সামরিক লক্ষ্য থাকলেও গণহত্যার দায় কীভাবে বিবেচিত হবে—এসব প্রশ্নে আইসিজের নতুন ব্যাখ্যা দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: বিবিসি ও আল-জাজিরা

