সিরিয়ার দক্ষিণাঞ্চলে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর ১৫টি অস্ত্রাগার ধ্বংস করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টকোম শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সিরিয়ার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে আইএসের ১৫টি অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। এ অভিযানে ১৩০টিরও বেশি মর্টার ও রকেট, অসংখ্য অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, অ্যান্টি-ট্যাংক মাইন এবং বোম তৈরির সরঞ্জামও ধ্বংস করা হয়েছে।”
আইএস ২০১৩ সালে সিরিয়ায় উত্থান ঘটে। এক বছরের মধ্যেই তারা দক্ষিণ সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিজস্ব রাষ্ট্র স্থাপন করেছিল। কট্টরপন্থি এই ইসলামি গোষ্ঠীর হামলায় সিরিয়া, ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশে শত শত মানুষ নিহত হয়েছেন।
আইএসকে সমূলে নির্মূল করার জন্য ২০১৫ সাল থেকে সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্র অভিযান শুরু করে। পরে এতে যোগ দেয় রাশিয়া। তবে রুশ বাহিনীর অভিযান মূলত সিরিয়ার মধ্যাঞ্চলে সীমাবদ্ধ ছিল।
কয়েক বছরের টানা অভিযানের কারণে আইএসের কার্যক্রম কঠোরভাবে সীমিত হয়েছে। তাদের প্রাথমিক দখলকৃত বিস্তীর্ণ এলাকা এখন মাত্র ৫ ভাগের একাংশে সীমাবদ্ধ।
২০২৪ সালে সিরিয়ায় এক অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পতিত হয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান আহমেদ আল শারা। সম্প্রতি আহমেদ আল শারা যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে যান এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
ট্রাম্প এই সাক্ষাতে বলেন, অভ্যুত্থান পরবর্তী সিরিয়ায় আহমেদ আল শারা-এর নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

