পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সাধারণ ভোক্তা পর্যায়ে পেট্রোল ও হাই স্পিড ডিজেলের মূল্য হ্রাস করেছে। প্রতি লিটার পেট্রোলের দাম কমানো হয়েছে ২ রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম কমানো হয়েছে ৪.৭৯ রুপি। নতুন দামে পেট্রোলের লিটার প্রতি দাম হয়েছে ২৬৩.৪৫ রুপি এবং হাই স্পিড ডিজেলের লিটার প্রতি দাম ২৭৯.৬৫ রুপি। এই নতুন মূল্য ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
গতকাল শুক্রবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি কমিশন (ওগরা)-এর পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওগরা পেট্রোলের জন্য ৩.৭০ রুপি হ্রাসের পরামর্শ দিয়েছিলেন, যা সরকার পুরোপুরি মেনে নেননি।
ওগরা জানিয়েছে, সম্প্রতি কুয়েতের জাতীয় তেল পরিশোধনাগার আল-জৌর রিফাইনারির কয়েকটি ইউনিট চালু হওয়ায় তেলের সরবরাহ বেড়েছে। কুয়েতের সঙ্গে পাকিস্তানের তেল বাণিজ্য চুক্তির কারণে সরবরাহ বৃদ্ধির ফলে ভোক্তা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমানো সম্ভব হয়েছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন মূল্য আগামী ১৫ দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে।

