ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি জানিয়েছেন, তিনি বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখতেই আগ্রহী এবং বাংলাদেশকে নিয়ে কোনো নেতিবাচক ভাবনা ভাবছেন না। তবে তিনি উল্লেখ করেছেন, বর্তমানে বাংলাদেশে ভারত-বিরোধী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে এবং এই পরিস্থিতি নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী নাও হতে পারে।
ত্রিপাঠি জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। নির্বাচনের পর পরিস্থিতি পরিবর্তিত হলে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে।
ত্রিপাঠি বলেন, “আমি বাংলাদেশকে এখনো বন্ধু ছাড়া অন্য কিছু বলা থেকে বিরত থাকব। এটি একটি অস্থায়ী এবং ক্ষণস্থায়ী পরিস্থিতি হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে নির্বাচন হতে হবে। এরপর পরিস্থিতি অন্যভাবেও গড়ে উঠতে পারে।”
এদিকে, নৌবাহিনীর প্রধান হওয়ার পর তার প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশ সফর ছিল। তিনি বলেন, “নৌ প্রধান হয়ে প্রথমে আমার যাওয়ার কথা ছিল বড় কোনো শহরে। কিন্তু আমি বলেছি, আমার অবশ্যই প্রথমে বাংলাদেশে যেতে হবে। অসাধারণ উষ্ণতা, অসাধারণ অভ্যর্থনা পেয়েছি। বাংলাদেশ নিয়ে ভারত যা করেছে তা অসাধারণ। আমি চির আশাবাদী এবং আশা করি, বাংলাদেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে।”
ত্রিপাঠি কথিত রাজনৈতিক ও সামাজিক ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন। এর আগে, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। সেই সময়ের ঘটনাগুলোও দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে আলোচিত হয়ে আসে।

