ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে এবং নিরাপত্তার স্বার্থে অন্য দেশে সরে যেতে সরাসরি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার মধ্যে ফোনালাপ হয় এবং সেই কথোপকথনেই ট্রাম্প এ বার্তা দেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে মাদুরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না।
গত রোববার ট্রাম্প নিজেই নিশ্চিত করেন যে মাদুরোর সঙ্গে তার ফোনে কথা হয়েছে। ওইদিন তিনি বলেন, “ফোনালাপ ভালো ছিল নাকি খারাপ ছিল সেটি আমি বলব না। এটি ছিল শুধুই একটি ফোনকল।” ধারণা করা হচ্ছে, গত ২১ নভেম্বর এই আলাপ হয়। কিন্তু দুই দেশের পক্ষ থেকেই আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
তবে মিয়ামি হেরাল্ডকে কয়েকটি সূত্র জানান, ট্রাম্প ফোনে মাদুরোকে সরাসরি বার্তা দেন এবং বলেন, “আপনি চাইলে নিজেকে এবং আপনার কাছের মানুষদের বাঁচাতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের নিরাপদ রাখতে পারবেন যদি এখনই পদত্যাগ করেন।”
ট্রাম্পের এ আহ্বান মাদুরো প্রত্যাখ্যান করেন। যদিও তিনি রাজনৈতিক ক্ষমতা ছাড়ার বিনিময়ে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার প্রস্তাব দেন। এর পর আর দুই নেতার মধ্যে কোনো যোগাযোগ হয়নি বলে ওই সংবাদমাধ্যম উল্লেখ করেছে।
চলতি সপ্তাহে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন। এরপরই মাদুরো আবার ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো সাড়া দেননি। মিয়ামি হেরাল্ড জানিয়েছে, দুই নেতার প্রথম ফোনালাপের ব্যবস্থা করে ব্রাজিল, কাতার এবং তুরস্ক।
গত সোমবার রাজধানীতে হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলানরা কোনো “ক্রীতদাসে শান্তি” চায় না। যদিও ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়তে বলেছেন, অনেক পর্যবেক্ষকের মতে যুক্তরাষ্ট্র তাকে অপসারণে বৃহৎ সামরিক অভিযান চালাবে না।

