জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের বুর্গ শহরে সেনাবাহিনীর (বুন্ডেসভেয়ার) ব্যারাকে পৌঁছানোর পথে একটি ডেলিভারি ট্রাক থেকে কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখনো জানা যায়নি কারা এই চুরির সঙ্গে জড়িত এবং কীভাবে গোলাবারুদ উধাও হলো। তবে অনির্ধারিত ও অনিরাপদ স্থানে ট্রাক থামানোই এ ঘটনার সুযোগ তৈরি করেছে বলে মনে করছে মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সংবাদমাধ্যম এমডিআর এবং জার্মান সাপ্তাহিক ডেয়ার স্পিগেলকে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৫ নভেম্বর। সেদিন একটি বেসামরিক মালিকানাধীন ট্রাক বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যারাকে পৌঁছানোর জন্য রওনা হয়েছিল। রাত হয়ে যাওয়ায় চালক ট্রাকটি বুর্গ-এর একটি হোটেলের পার্কিংয়ে থামান। পরদিন ব্যারাকে পৌঁছানোর পর ট্রাকের তালিকা মিলিয়ে দেখা যায়, বিপুল পরিমাণ গোলাবারুদ নিখোঁজ।
তালিকা অনুযায়ী, পিস্তলের প্রায় ১০ হাজার রাউন্ড তাজা গুলি এবং অ্যাসল্ট রাইফেল প্রশিক্ষণে ব্যবহারের জন্য রাখা ৯ হাজার ৯০০ রাউন্ড গোলাবারুদ ট্রাকে পাওয়া যায়নি। এই বিশাল পরিমাণ গোলাবারুদ ভুল হাতে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, ‘‘আমরা চুরির বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিই। এই ধরনের গোলাবারুদ ভুল হাতে পড়া উচিত নয়।’’
ঘটনার পর বুন্ডেসভেয়ার স্থানীয় পুলিশের সহায়তায় তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের ধারণা, চালকের সিদ্ধান্তহীনভাবে এমন স্থানে ট্রাক থামানো নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে এবং চুরির সুযোগ দিয়েছে।
স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে এর আগেও গোলাবারুদ হারানোর ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কয়েক মাসে বার্নবুর্গ এবং আইসলেবেন শহরে পুলিশের গোলাবারুদ খোয়া যাওয়ার ঘটনাও স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি করেছিল।

