দীর্ঘ ১১ বছর ধরে নিখোঁজ থাকা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০–এর অনুসন্ধান পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। বুধবার (৩ ডিসেম্বর) দেশটির পরিবহনমন্ত্রী জানান, বহু প্রতীক্ষিত এই অনুসন্ধান অভিযান আসছে ৩০ ডিসেম্বর থেকে আবারো শুরু হবে।
এক বিবৃতিতে তিনি বলেন, নতুন অভিযানে যুক্তরাষ্ট্রের রোবোটিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওশেন ইনফিনিটি অংশ নেবে। সব মিলিয়ে টানা ৫০ দিন সমুদ্রপৃষ্ঠে অনুসন্ধান চালানো হবে।
২০১৪ সালের ৮ মার্চ এমএইচ৩৭০ কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়ন করে। এরপর হঠাৎই আকাশে মিলিয়ে যায় উড়োজাহাজটি। বিমানে ছিলেন ১২ জন মালয়েশিয়ান ক্রুসহ ২২৭ জন যাত্রী, যাদের বেশির ভাগই চীনা নাগরিক।
এছাড়া অস্ট্রেলিয়ার সাত নাগরিক ও স্থায়ী বাসিন্দাসহ মোট ৩৮ জন মালয়েশীয় ছিলেন। আরো ছিলেন ইন্দোনেশিয়া, ভারত, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইরান, ইউক্রেন, কানাডা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, রাশিয়া ও তাইওয়ানের নাগরিক।
বিমানটির নিখোঁজের পর ইতিহাসের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান শুরু হয়। তবুও এখন পর্যন্ত উড়োজাহাজটির কোনো সন্ধান মেলেনি। বিমান খাতের ইতিহাসে এটিকে সবচেয়ে রহস্যজনক ঘটনার একটি হিসেবে বিবেচনা করা হয়।
গত বছর মালয়েশিয়া জানায়, নতুন কোনো শক্ত প্রমাণ পাওয়া গেলে তারা তদন্ত পুনরায় শুরু করতে প্রস্তুত। পরে তারা ওশেন ইনফিনিটির সঙ্গে সমুদ্রের অতিরিক্ত ১৫ হাজার বর্গ কিলোমিটার এলাকায় অনুসন্ধান পরিচালনায় সম্মত হয়। চুক্তি অনুযায়ী, ধ্বংসাবশেষ পাওয়া গেলে তবেই প্রতিষ্ঠানটিকে ৭০ মিলিয়ন ডলার প্রদান করা হবে। কিন্তু বিমানটির চিহ্ন না মিললে তাদের কোনো অর্থ দেওয়া হবে না।

