ভারতে সিগারেট, জর্দ্দা ও অন্যান্য তামাকজাত পণ্যের দামে বড় ধরনের বৃদ্ধি আসছে। এই মূল্যবৃদ্ধির পথ খুলে দিয়েছে ‘দ্য সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, ২০২৫’, যা গতকাল শীতকালীন অধিবেশনে লোকসভায় পাস হয়েছে।
বিল পাস হওয়ার ফলে তামাকজাত সব ধরনের পণ্যের ওপর জিএসটি–এর পাশাপাশি আবগারি শুল্ক যোগ হবে। এর ফলে সিগারেট থেকে পান মশলা পর্যন্ত সব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিল কার্যকর হলে কেন্দ্রীয় সরকার সিগারেটসহ তামাকজাত পণ্যে আবগারি শুল্ক কয়েকগুণ বাড়ানোর ক্ষমতা পাবে। এতে এক লাফেই পণ্যের দাম অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
বিলে সিগারেটের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি এক হাজার সিগারেটে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত আবগারি শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।
বুধবার লোকসভায় বিলটি নিয়ে আলোচনার সময় তামাক ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্যরা। আলোচনা চলাকালে বিজেপি সাংসদ অরুণ গোবিল ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি গত ৫০ বছর তামাকজাত পণ্য ব্যবহার করছেন না। রামায়ণ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পাওয়ার পরই তিনি ধূমপানসহ সব নেশা ত্যাগ করেছিলেন।

