রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছবেন। ক্রেমলিন এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছে।
সফরের সময় রুশ প্রতিনিধি দল ভারতের সঙ্গে রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক ও মানবিক খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনায় বসবে। পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও এ সফরের এজেন্ডায় থাকবে।
সফরের প্রথম দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনকে তার বাসভবনে স্বাগত জানাবেন। সেখানে দুই নেতার মধ্যে একান্তে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
পরের সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। এ সময় প্রধানমন্ত্রী মোদি ও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। এরপর দুই দেশের মধ্যে সীমিত ও বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক এবং পুতিনের সম্মানে রাষ্ট্রীয় সংবর্ধনা। এছাড়া তিনি ‘রাশিয়া–ইন্ডিয়া বিজনেস ফোরাম’-এ অংশগ্রহণ করবেন এবং মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
দুই দেশের বাণিজ্যিক ও অ-বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশটি আন্তঃসরকারি নথি এবং ১৫টিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দিল্লি ও মস্কোর মধ্যে এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার চাপের কয়েক মাস পরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ধারাবাহিক আলোচনার আয়োজন করার সময় এই সফর ঘটছে।

