চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ০। তবে ঘটনার পরপরই কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। বৃহস্পতিবার বিকেলে এ ভূমিকম্প অনুভূত হয়।
পার্বত্য জিনজিয়াংয়ের সীমানা কিরগিজস্তানের সঙ্গে যুক্ত। ভূমিকম্পের কম্পন সীমান্তের পাশের এলাকাগুলোতেও অনুভূত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
সিইএনসি জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪৪ মিনিটে আকচি কাউন্টির নিকটবর্তী কিরগিজস্তান–শিনজিয়াং সীমান্ত এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পন সৃষ্টি হয়েছিল।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী, বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত আকচি কাউন্টি প্রশাসন কোনো হতাহত, ভবনধস বা বড় ধরনের ক্ষতির খবর পায়নি। সব জেলার সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিকভাবে সচল রয়েছে বলেও জানানো হয়।
সিইএনসি আরো জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ৪১ দশমিক ১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৭৮ দশমিক ৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে চিহ্নিত করা হয়েছে।

