রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৪৮ ঘণ্টার সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার আগমনে গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হয় নৈশভোজ।
এই ভোজে পরিবেশন করা পুরো মেন্যুই ছিল সম্পূর্ণ নিরামিষ—পুতিনের জন্য কোনো ধরনের মাংস রাখা হয়নি। যদিও ভারতে মাংস খাওয়ার প্রচলন ব্যাপক এবং দেশটি বিশ্বের বিভিন্ন দেশে মাংস রপ্তানিও করে থাকে।
- সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশিত মেন্যুর তালিকা থেকে জানা যায়, পুতিনের জন্য পরিবেশিত খাবারগুলোর মধ্যে ছিল ঝোল মোমো, মুরুঙ্গলাই চারু বা দক্ষিণ ভারতীয় রসম স্যুপ, আখরোট চাটনি সহ মাশরুমের পুর ‘গুচি দুন চেতিন’, কালো ছোলার শিকমপুরী কাবাব, জাফরানি পনির রোল, পালং মেথি মটর শাকের তরকারি ও তন্দুরি পুর ভরা আলু। এছাড়া ছিল আচারি বেগুন, হলুদ ডাল ভাজা, বাদাম ও জাফরান পোলাও, লাচ্ছা পরোটা, মগজ নান, সাতানাজ রুটি, মিসি রুটি, বিস্কুটি রুটি ও বিভিন্ন ধরনের আচার-সালাদ।
মিষ্টান্ন ও হালকা খাবারের তালিকায় ছিল বাদামের হালুয়া, কেশর-পেস্তা কুলফি, গুড়ের সন্দেশ, মুরুক্কু, ডাল ভাজা এবং ফলের ফ্রেশ জুস—যার মধ্যে ছিল ডালিম, কমলা, গাজর ও আদার রস।

