অস্ট্রেলিয়া আফগানিস্তানের তালেবান সরকারের চার কর্মকর্তার ওপর আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটিতে নারী ও মেয়েদের মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগে শনিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, ওই কর্মকর্তারা তালেবান শাসিত আফগানিস্তানে ‘নারী ও মেয়েদের ওপর নিপীড়ন এবং সুশাসন বা আইনের শাসন ক্ষুণ্ণ করার’ সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে অস্ট্রেলিয়া দুই দশক ধরে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছে।
২০২১ সালের আগস্টে দেশটি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও তালেবান ক্ষমতায় ফিরে এসে নারী শিক্ষা ও মেয়েদের অধিকার সীমিত করার বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে, যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে।
ওং এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা তিন তালেবান মন্ত্রী ও গোষ্ঠীর প্রধান বিচারপতিকে লক্ষ্য করে করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা শিক্ষা, কর্মসংস্থান, চলাচলের স্বাধীনতা এবং জনজীবনে মেয়েদের অংশগ্রহণ সীমিত করেছেন।
এই পদক্ষেপ অস্ট্রেলিয়ান সরকারের নতুন নীতি কাঠামের অংশ। ওং আরো জানিয়েছেন, নীতি কাঠামোটি আফগান জনগণের ওপর নিপীড়ন বন্ধে চাপ সৃষ্টি করতে সরাসরি নিষেধাজ্ঞা আরোপের সুযোগ দিয়েছে।
তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর অস্ট্রেলিয়া হাজার হাজার আফগান উদ্বাস্তু, যার বেশির ভাগ নারী ও শিশু, গ্রহণ করেছে। বর্তমানে আফগান জনগণের বড় অংশ বেঁচে থাকার জন্য মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল।

