তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা বাড়তে থাকায় এরদোয়ান মাদুরোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বড় নৌবহর মোতায়েন করেছে এবং ওই অঞ্চলে নৌযান লক্ষ্য করে ২০টির বেশি হামলা চালিয়েছে, যাতে অন্তত ৮৭ জন নিহত হন। ওয়াশিংটনের দাবি, এসব নৌযান মাদক চোরাচালানে জড়িত, যদিও এ বিষয়ে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি যুক্তরাষ্ট্র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এরদোয়ানের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সংলাপের পথ খোলা রাখা জরুরি এবং খুব দ্রুত উত্তেজনা কমবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন এবং শান্তি ও নিরাপত্তা ব্যাহত করতে পারে এমন কর্মকাণ্ড নিয়ে এরদোয়ান গভীর উদ্বেগ জানিয়েছেন। মন্ত্রণালয়ের আরেক বিবৃতিতে বলা হয়, মাদুরো এসব হুমকিকে ‘অবৈধ, অসামঞ্জস্যপূর্ণ, অপ্রয়োজনীয় ও বাগাড়ম্বরপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়কে ভেনেজুয়েলার আকাশসীমাকে ‘বন্ধ’ বলে বিবেচনা করার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে বহু আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়। ব্যাপক হারে ফ্লাইট বন্ধের বিষয়টিও দুই নেতা আলোচনায় তোলেন।
মাদুরো গত বুধবার জানান, তিনি ১০ দিন আগে ট্রাম্পের সঙ্গে একটি ‘সৌহার্দ্যপূর্ণ’ ফোনালাপ করেছিলেন। ট্রাম্পও সেই আলাপের সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত প্রকাশ করেননি।

