যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণের পর লাতিন আমেরিকার আরো ৩ দেশকে সামরিক হুমকি দিয়েছেন। দেশগুলো হলো মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবা। সূত্র: আরটি
শনিবার রাতের ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারি বাসভবনের শয়নকক্ষ থেকে অপহৃত মাদুরো ও সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নেওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে আটক রয়েছেন।
মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার কয়েক ঘণ্টা পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরোর পর কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোতেও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সম্ভব। কলম্বিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “প্রেসিডেন্ট পেত্রোর সময় দেশটি কোকেন উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছে। তার উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া।”
কিউবার বিষয়ে ট্রাম্প বলেন, “কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র। যুক্তরাষ্ট্র কিউবার জনগণকে সহযোগিতা করতে চায়। কিউবায় এমন কিছু হবে যা শেষ পর্যন্ত সেখানকার মানুষের উপকারে আসবে। যারা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে এসেছে তাদের সহায়তা করতে চাই।”
মেক্সিকোর প্রসঙ্গে ট্রাম্প অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্রে মাদকপাচারকারী গ্যাংগুলোর মূল কেন্দ্র মেক্সিকোতে। দেশটির সরকার গ্যাং নিয়ন্ত্রণে অক্ষম।”
ট্রাম্পের এই হুমকির পর মেক্সিকো, কিউবা ও কলম্বিয়া তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, “লাতিন আমেরিকা একসময় শান্তির এলাকা ছিল। ট্রাম্পের হুমকি এ অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন করছে।”
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেন, “ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযান কাপুরুষোচিত, অপরাধমূলক ও বেঈমানিপূর্ণ।” কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, “কলম্বিয়া যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমরা যে কোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত।”

