ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা বৈশ্বিক উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন এই উৎক্ষেপণ পরীক্ষা তদারকি করেছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পরীক্ষার উদ্দেশ্য ছিল পিয়ংইয়ংয়ের পরমাণু বাহিনীকে যুদ্ধের জন্য আরও প্রস্তুত করা।
রাষ্ট্রীয় বার্তায় বলা হয়েছে, সাম্প্রতিক ‘ভূরাজনৈতিক সংকট’ এই পরীক্ষাকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বার্তায় ইঙ্গিত দেওয়া হয়েছে, এটি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক।
বার্তা সংস্থা এএফপি জানায়, দক্ষিণ কোরিয়া ও জাপান রোববার পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এটি চলতি বছরের উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বেইজিং সফরের কয়েক ঘণ্টা আগে এই পরীক্ষা চালানো হয়। তিনি আশা প্রকাশ করেছেন, চীন উত্তর কোরিয়ার ওপর প্রভাব খাটিয়ে সিউল–পিয়ংইয়ং সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
সোমবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিম জং উনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করেছে যে উত্তর কোরিয়ার পরমাণু বাহিনী বাস্তব যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত।
কিম জং উন বলেন, “আমাদের পরমাণু বাহিনীকে কার্যকর যুদ্ধ সক্ষমতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।” তিনি আরো উল্লেখ করেন, এই কার্যক্রম উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ধাপে ধাপে আরও শক্তিশালী করার অংশ।

