বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী। পরিকল্পনা বাস্তবায়নের আগেই বিষয়টি শনাক্ত হওয়ায় বড় ধরনের অস্থিতিশীলতা এড়ানো সম্ভব হয়েছে।
গত শনিবার (৩ জানুয়ারি) এই অভ্যুত্থানচেষ্টা নস্যাৎ করা হয়। বুরকিনা ফাসোর স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট পল হেনরি সানদাওগো দামিবার অনুসারীরা এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টি সম্পর্কে আগাম তথ্য পাওয়ার পর ওইদিন রাতেই কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে দামিবার ঘনিষ্ঠ একজন রয়েছেন যাকে অভ্যুত্থানচেষ্টার মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পল হেনরি সানদাওগো দামিবা ২০২২ সালে স্বল্প সময়ের জন্য বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ছিলেন। পরে বর্তমান প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বে তাকে ক্ষমতা থেকে সরানো হয়।
সংবাদমাধ্যম সেন্ট্রাল নিউজ সাউথ আফ্রিকা জানিয়েছে, সঠিক সময়ে পাওয়া গোয়েন্দা তথ্যের কারণেই অভ্যুত্থানচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। অপর সংবাদমাধ্যম সি৩৬০-এর খবরে বলা হয়েছে, এই পরিকল্পনায় সামরিক ও বেসামরিক উভয় পক্ষের লোকজন জড়িত ছিল এবং তারা প্রথমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো দখলের ছক কষেছিল।
সরকারি সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া মাস্টারমাইন্ডের মোবাইল ফোন থেকে অভ্যুত্থান পরিকল্পনার একাধিক প্রমাণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট ইব্রাহিমের হাজার হাজার সমর্থক দেশের বিভিন্ন স্থানে অবস্থান নেন। ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান জানাতে তাদের এই কর্মসূচি ৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল।

