ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক আরো বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনার বিষয়ে নয়াদিল্লি সহযোগিতা না করলে শুল্ক বৃদ্ধির পথেই হাঁটবে ওয়াশিংটন।
ট্রাম্প দাবি করেন, ভারত তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ এবং তিনি জানতেন যে রাশিয়ার তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয়। ট্রাম্পের ভাষায়, তাকে খুশি করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরো বলেন, ভারত বাণিজ্য করছে এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের পণ্যের ওপর শুল্ক বাড়ানো হতে পারে।
প্রায় দুই সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে আলোচনা হয়। শুল্ক নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও ওই আলোচনায় দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে তারা একমত হন। তবে এর পরও ভারতকে লক্ষ্য করে নতুন করে শুল্ক বৃদ্ধির হুমকি এল ট্রাম্পের কাছ থেকে।
রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতের অবস্থান হলো, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রুশ তেল তাদের জন্য প্রয়োজনীয়। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, জ্বালানি সরবরাহের স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। সেই শুল্ক এখনো বহাল রয়েছে এবং নতুন করে শুল্ক বাড়ানোর হুমকি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

