ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে আনার ঘটনায় মার্কিন জনগণের মধ্যে সমানভাবে বিভক্তি লক্ষ্য করা গেছে। সোমবার রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৩৩ শতাংশ মার্কিন নাগরিক মাদুরোকে ধরে আনার পক্ষে মত দিয়েছেন, আর ৩৪ শতাংশ বিরোধী। ৩২ শতাংশ নিজেদের অবস্থান স্পষ্ট করেননি।
জরিপে দেখা গেছে, বেশির ভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার তেলক্ষেত্র নিয়ন্ত্রণ নেওয়ারও বিরোধী। এ বিষয়ে ৪৬ শতাংশ মানুষ বিপক্ষে এবং ৩০ শতাংশ সমর্থন করেন।
রিপাবলিকান পার্টির সমর্থকেরা ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পক্ষে বেশি মত দিয়েছেন। অভিযানের পক্ষে থাকা মার্কিনদের মধ্যে ৬৫ শতাংশ রিপাবলিকান, ১১ শতাংশ ডেমোক্র্যাট এবং ২৩ শতাংশ কোনো দলের সমর্থক নন।
এছাড়া জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্র চাইলে ভেনেজুয়েলায় সাময়িকভাবে শাসন করুক—এটি বেশিরভাগ মার্কিন নাগরিকই চান না। ৪৩ শতাংশের এই মত, সমর্থন করছেন ৩৪ শতাংশ এবং ২০ শতাংশ নিশ্চিত নন। একইভাবে, দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের পক্ষে নন ৪৭ শতাংশ, সমর্থন করেন ৩০ শতাংশ।
মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, ছেলে নিকোলা এরনেস্তো মাদুরো গুয়েরা এবং আরও তিনজনের বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাস সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁরা আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
মাদুরো এ সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে অপহরণের শিকার ও ‘ভালো মানুষ’ হিসেবে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, “আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।”

