ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরে যেতে চান। একই সঙ্গে তিনি কারাকাসের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, এক অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে মাচাদো বলেন, ভেনেজুয়েলায় ফিরে জনগণের পাশে দাঁড়ানোই এখন তাঁর প্রধান লক্ষ্য। তাঁর ভাষায়, দেশের মানুষ যে কঠিন সময় পার করছে, সেই সময়ে মাঠে থেকেই তাঁদের সঙ্গে থাকা জরুরি।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সরাসরি প্রত্যাখ্যান করে মাচাদো বলেন, মাদুরো সরকারের সময়ে রদ্রিগেজ নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর দাবি, ভেনেজুয়েলার জনগণ রদ্রিগেজকে নিজেদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করেনি এবং সাধারণ মানুষ বিরোধী শিবিরের পক্ষেই অবস্থান নিয়েছে।
মাচাদো আরো বলেন, দেশে যদি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে বিরোধীরা বিপুল ব্যবধানে জয়ী হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, এমন নির্বাচনে বিরোধী শিবির ৯০ শতাংশের বেশি ভোট পেতে পারে।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মাচাদো বলেন, তিনি ভেনেজুয়েলাকে আবারো আমেরিকা মহাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে পরিণত করতে চান। একই সঙ্গে দেশের ক্ষতি করেছে—এমন সব অপরাধী কাঠামো ভেঙে ফেলার অঙ্গীকারও করেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক সহিংসতা ও অপরাধের কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে নিরাপদ পরিবেশে দেশে ফিরিয়ে আনা হবে।
মাচাদো জানান, এই লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থন যেমন প্রয়োজন, তেমনি দেশের ভেতরে জনগণের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই।
এর আগে গত ডিসেম্বর মাসে মারিয়া কোরিনা মাচাদো নরওয়ের রাজধানী অসলোতে অবস্থান করেন। সেখানে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণের উদ্দেশ্যে গিয়েছিলেন বলে জানা গেছে।

