ব্যাপক ও ভারী তুষারপাতে ইউরোপজুড়ে মারা গেছেন ৬ জন, পাশাপাশি বিভিন্ন দেশে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এ তথ্য জানিয়েছে বিবিসি।
নিহতদের মধ্যে ৫ জন ফ্রান্সে, আর একজন দক্ষিণপূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার রাজধানী সারায়েভোতে। ফ্রান্সে নিহতরা সবাই সড়কে জমে থাকা বরফে গাড়ির চাকা পিছলে দুর্ঘটনায় মারা গেছেন। সারায়েভোতে নিহত ব্যক্তি মারা গেছেন গাড়ির ওপর গাছ উপড়ে পড়ার কারণে।
বলকান অঞ্চলের দেশগুলোতে তুষারপাতের পাশাপাশি চলছে ভারী বর্ষণ।
ফ্রান্সের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারোত গতকাল এক বিবৃতিতে বলেন, আগামী কয়েক দিনও তুষারপাত চলবে। তিনি নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার এবং বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া দপ্তর ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টি জেলার মধ্যে ৩৮টিতে কমলা সতর্ক সংকেত জারি করেছে।
ফ্রান্সের প্যারিসের রোইসি-চার্লস ডি গাউল্লে বিমানবন্দর গতকাল মঙ্গলবার ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। একই কারণে নেদারল্যান্ডসের শিফোল এয়ারপোর্টে ৪ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট বাতিলের ফলে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। স্পেনের নাগরিক জাভিয়ের সেপুলভেদা আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার জন্য শিফোল বিমানবন্দরে এসেছিলেন, কিন্তু তিনি অন্যান্য হাজার হাজার যাত্রীর মতো আটকা পড়েন।
রয়টার্সকে তিনি জানান, অতিব্যস্ত, হতাশাজনক এবং উদ্বেগপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে বিমানবন্দরে।

