পাকিস্তানে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। দেশটিতে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯৩ পয়সা কমানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রতি মাসে পাকিস্তানের সাধারণ গ্রাহকরা মোট ৫৬০ কোটি পাকিস্তানি রুপি সাশ্রয় করবেন বলে জানানো হয়েছে।
পাকিস্তানের বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা) গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যহ্রাসের বিষয়টি নিশ্চিত করেছে।
নেপরার বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নভেম্বর মাসে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম থাকায় তার প্রভাব পড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়ে। এর ফলেই ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মূল্যহ্রাস করাচিসহ পাকিস্তানের সব অঞ্চলের সাধারণ গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। তবে ‘লাইফলাইন’ শ্রেণির গ্রাহকরা এই সুবিধার আওতায় পড়বেন না বলে জানিয়েছে নেপরা।
বিদ্যুৎ খাতে লাইফলাইন গ্রাহক বলতে মূলত নিম্ন আয়ের মানুষদের বোঝানো হয়, যারা মাসে গড়ে ১০০ ইউনিট বা এর কাছাকাছি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন। পাকিস্তানে এই শ্রেণির গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম সাধারণ গ্রাহকদের তুলনায় কম রাখা হয়, কারণ সরকার এই খাতে ভর্তুকি দিয়ে থাকে।
এর আগে, গত ডিসেম্বর মাসেও সাধারণ গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম কমানোর ঘোষণা দিয়েছিল নেপরা। সে সময় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭২ পয়সা হ্রাস করা হয়।

