বিচারক অ্যালভিন কেনেথ হেলারস্টাইন (৯২)– সম্ভবত বিশ্বের সবচেয়ে বয়স্ক সক্রিয় বিচারক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ হিসেবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে আনা মামলার তত্ত্বাবধান করবেন।
হেলারস্টাইন ২৮ ডিসেম্বর ১৯৩৩ সালে নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউইয়র্ক জেলা আদালতের বিচারক। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ফেডারেল ট্রায়াল কোর্ট। হেলারস্টাইনকে ১৯৯৮ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিচারক হিসেবে মনোনীত করেন এবং একই বছরের মধ্যে সিনেট তার অনুমোদন দেয়। ২০১১ সাল থেকে তিনি সিনিয়র স্ট্যাটাসে আছেন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহ পরিচালনা করছেন।
শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন:
হেলারস্টাইন কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ১৯৫৪ সালে স্নাতক হন। ১৯৫৬ সালে কলাম্বিয়া ল স্কুল থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ফেডারেল বিচারকের ল’ ক্লার্ক হিসেবে কাজ করেন। এরপর U.S. Army Judge Advocate General’s Corps (JAG)-এ সামরিক আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি নিউইয়র্কে ব্যক্তিগত আইন পেশায়ও সফলভাবে যুক্ত ছিলেন।
উল্লেখযোগ্য মামলাসমূহ:
-
৯/১১ পরবর্তী মামলা: ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ক্ষতিগ্রস্তদের বহু দেওয়ানি মামলা তিনি দীর্ঘদিন পরিচালনা করেছেন। ফার্স্ট রেসপন্ডার ও ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
বন্দি নির্যাতনের ছবি প্রকাশ: ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর হাতে বন্দিদের নির্যাতনের ছবি প্রকাশের আদেশ দেন। এটি সরকারি স্বচ্ছতা বনাম জাতীয় নিরাপত্তা বিতর্কে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত।
-
বড় আর্থিক ও প্রতারণা মামলা: বহু হাই-প্রোফাইল ফিন্যান্সিয়াল ফ্রড মামলার বিচার ও সাজা দিয়েছেন। ওয়াল স্ট্রিট সম্পর্কিত জটিল মামলায় তিনি পরিচিত মুখ।
-
ডোনাল্ড ট্রাম্প সংক্রান্ত মামলা: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নে রায় দিয়েছেন। বিশেষ করে রাজ্য মামলা ফেডারেল কোর্টে স্থানান্তর করা যায় কি না—এই বিষয়ে তার সিদ্ধান্ত আলোচিত।
-
নিকোলাস মাদুরো মামলা (বর্তমান): বর্তমানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মাদক পাচার, সন্ত্রাসবাদে সহায়তা ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে ফেডারেল ফৌজদারি মামলার তত্ত্বাবধান করছেন।
বিচারক দর্শন ও ব্যক্তিগত বৈশিষ্ট্য:
হেলারস্টাইন একজন অর্থোডক্স ইহুদি। তবে ধর্মীয় বিশ্বাস বিচারিক সিদ্ধান্তে প্রাধান্য পায় না। আইন প্রয়োগে তিনি অত্যন্ত পদ্ধতিগত ও অভিজ্ঞ। জটিল, সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মামলায় তিনি দৃঢ় অবস্থান নেন। ৯২ বছরের বেশি বয়সেও সক্রিয়ভাবে বিচারকাজ পরিচালনা করায় তিনি বিশেষভাবে সম্মানিত।

