ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সিবিএস নিউজকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা জানিয়েছেন, হস্তক্ষেপের মধ্যে রয়েছে দূরপাল্লার মিসাইল হামলা, সাইবার আক্রমণ এবং মনস্তাত্ত্বিক প্রচারণা। এই পরিকল্পনা ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়েছে।
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলা বিক্ষোভ অল্প সময়ের মধ্যে সহিংস রূপ নেয়। এই সহিংসতায় ইতিমধ্যে ৬৪৫ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নিয়েছে। স্থানীয় সময় সোমবার ট্রাম্প ঘোষণা করেছেন, যে দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের পণ্যের যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে রাজি, কিন্তু একইসঙ্গে যুদ্ধের জন্যও প্রস্তুত আছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউজে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আলোচনা হবে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের বিষয়। তবে এই বৈঠকে ট্রাম্প উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা শুরু করার আগে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

