ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ যাত্রী ও ২৭ ক্রুসহ ‘ত্রিশা কেরস্টিন ৩’ নামের একটি ফেরি ভোরবেলায় ডুবে গেছে। দুর্ঘটনার পর এ পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ড ও ডুবুরি দল ১৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন। তাদের মধ্যে ১৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাসিলানের মেয়র আরসিনা লাজা কাথিং নানোহ এবং কোস্টগার্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রশাসনসূত্রে জানা গেছে, ফেরিটি বাসিলানের জাম্বোয়াঙ্গা শহর থেকে মিন্দানাও প্রদেশের জোলো দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
উদ্ধার তৎপরতা চালাতে মিন্দানাও প্রাদেশিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র রোনালিন পেরেজ বলেন, “আমরা এখন পর্যন্ত ১৩৮ জনকে উদ্ধার করতে পেরেছি। উদ্ধার তৎপরতাকে দ্রুততর করতে মিন্দানাও প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে।”
ফিলিপাইনে যাত্রীবাহী ফেরি দুর্ঘটনা বিরল নয়। এর আগে ২০২৩ সালে দক্ষিণ ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লেগে ৩০ জন নিহত হয়।

