সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৮ হাজার ২০০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এই তথ্য রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়েছে, ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে অভিযানে ১৮ হাজার ২০০ জন প্রবাসী আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৪৪২ জনকে আবাসন আইন, ৩ হাজার ৯৩১ জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৮২৭ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া অবৈধভাবে সৌদি আরব সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ৭৬২ জন গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা ইয়েমেনি ও অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে ৪৬ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার কারণে আটক করা হয়েছে।
গ্রেপ্তারের পাশাপাশি দেশটিতে বসবাসরত ১১ জনকে প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার দায়ে আটক করা হয়েছে। বর্তমানে সৌদি আরবে ২৫ হাজার ৪৭৭ প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এর মধ্যে ২৩ হাজার ৪৪৩ পুরুষ এবং ২ হাজার ৩৪ নারী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৮ হাজার ৬৮৫ জনকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরো ৩ হাজার ১১ জনকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৪৫১ জন প্রবাসীকে সৌদি আরব থেকে প্রত্যাবাসন করা হয়েছে।
সৌদি আইন অনুযায়ী, অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত এই বিষয়ে সতর্কবার্তা জারি করছে।
দেশটিতে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছেন। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ শ্রমিক এখানে কর্মরত। স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তার সংক্রান্ত খবর প্রকাশ করে আসছে।

