মিত্রদেশগুলোর কাছে আরো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জেলেনস্কি জানান, চলতি সপ্তাহে রাশিয়া ১ হাজার ৭০০-এর বেশি ড্রোন, ১ হাজার ৩৮০-এর বেশি বিমান হামলা এবং ৬৯টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার এ ধরনের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। তাঁর ভাষায়, ‘এ কারণে প্রতিদিনই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন। আমরা আমাদের আকাশসীমার সুরক্ষা আরও ভালোভাবে নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে যৌথভাবে কাজ করছি।’
এদিকে যুদ্ধ বন্ধে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বৈঠক হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও আলোচনা ‘গঠনমূলক’ ছিল বলে জানিয়েছেন জেলেনস্কি। মার্কিন এক কর্মকর্তার বরাতে জানা গেছে, পরবর্তী বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি আবুধাবিতেই অনুষ্ঠিত হবে। আলোচনার জন্য রাশিয়াও প্রস্তুতির কথা জানিয়েছে।
এই আলোচনার মধ্যেই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল ভোরে চালানো এসব হামলায় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। এর ফলে সারা দেশে প্রায় ১২ লাখ বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হিমশীতল আবহাওয়ার মধ্যে এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

