ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার জবাব দেওয়ার ঘোষণা দেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ নভেম্বর) চালানো এসব হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার সঙ্গে সংযোগকারী সেতুতে ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। এর পরপরই ইউক্রেনজুড়ে বড় পরিসরে আকাশপথে হামলা চালানো হয়। চলমান যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা চালানো হয়। নিপ্রো নদীর ওপর নির্মিত তিনটি সেতু লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেতুগুলো রাজধানীর দুই অংশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। হামলার সময় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। নিরাপত্তার স্বার্থে অনেক বাসিন্দা মেট্রোরেল স্টেশনগুলোতে আশ্রয় নেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া হামলায় ৪০০টির বেশি ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দেশের বিভিন্ন স্থানে জ্বালানি অবকাঠামো, সরবরাহব্যবস্থা এবং রেল যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি এই আক্রমণকে যুদ্ধ শুরুর পর অন্যতম বড় হামলা হিসেবে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, পুতিন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে নিজেদের অবস্থান আড়াল করতেই রাশিয়া সাধারণ মানুষের জীবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।
রাশিয়ার হামলার ধরনকে ‘নৃশংস’ বলে বর্ণনা করে জেলেনস্কি আরও জানান, ক্ষেপণাস্ত্রগুলো কয়েক দফায় ছোড়া হয়েছে। প্রতিটি দফার হামলার মধ্যে বিরতি ছিল মাত্র ২০ থেকে ৩০ মিনিট।
চলতি বছরে যুদ্ধের সম্মুখসারিতে বড় ধরনের অগ্রগতি না থাকলেও দুই দেশই আকাশপথে হামলা বাড়িয়েছে। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো, পরিবহন ও সরবরাহব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।

