তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম এপি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। সূত্র: দ্য গার্ডিয়ান
টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরকানসাস, কানসাস, ম্যাসাচুসেটস ও টেনেসিসহ একাধিক অঙ্গরাজ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, তার শহরেই গত দুই দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য দুর্ঘটনার শিকার হয়েছেন। বাকিরা মারা গেছেন হাইপোথার্মিয়ায়। দীর্ঘ সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যে থাকলে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গিয়ে তীব্র কাঁপুনি, পানিশূন্যতাসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়, যাকে হাইপোথার্মিয়া বলা হয়।
উত্তর মেরু অঞ্চল থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা বর্তমানে পুরু তুষারস্তরের নিচে ঢাকা পড়ে আছে।
মার্কিন আবহাওয়া দপ্তর দেশটির ২০ কোটিরও বেশি মানুষের জন্য ‘কোল্ড অ্যালার্ট’ জারি করেছে। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা প্রায় ৩৪ কোটি ৮৬ লাখ।
এদিকে ঝড়ো আবহাওয়া ও প্রচণ্ড ঠান্ডার কারণে হঠাৎ বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অচল হয়ে পড়েছে। এর ফলে বিদ্যুৎ সরবরাহে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণ সংস্থা পাওয়ার আউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ৬ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াগত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত রোববার বিভিন্ন মার্কিন বিমানবন্দরে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। গত সোমবার বাতিল হয়েছে আরো ১০ হাজারের বেশি ফ্লাইট।
করোনা মহামারির পর টানা দুই দিনে এত বেশি সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা এই প্রথম দেখা গেল যুক্তরাষ্ট্রে।

