বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রিতে বড় ধরনের মন্দা নেমে এসেছে। গবেষণাপ্রতিষ্ঠান ওমডিয়ার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সাল শেষে বৈশ্বিক স্মার্টফোন সরবরাহ ১১ দশমিক ৯ শতাংশ কমতে পারে। বাজারের ইতিহাসে এক বছরে এত বড় পতন আগে কখনো দেখা যায়নি। খবর ফরচুনের।
শুধু চলতি বছরই নয়, আগামী বছরও এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ওমডিয়ার হিসাবে, ২০২৭ সালে সরবরাহ আরও ৬ শতাংশ কমতে পারে। এতে স্মার্টফোনের বার্ষিক সরবরাহ ২০১৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে। অর্থাৎ প্রায় এক যুগ আগের অবস্থানে ফিরে যাচ্ছে বিশ্ববাজার।
বাজার বিশ্লেষকেরা এই পতনের পেছনে একাধিক কারণ দেখছেন। প্রথম কারণ হলো স্মার্টফোন বাজারের পরিপক্বতা। নতুন মডেলগুলোয় এখন আগের মতো বড় প্রযুক্তিগত পরিবর্তন আসছে না। সামান্য উন্নত কিছু বৈশিষ্ট্যের জন্য নতুন ফোন কেনার আগ্রহ কমে গেছে ক্রেতাদের। ফলে অনেকে প্রয়োজন ছাড়া ডিভাইস বদলাচ্ছেন না এবং একই ফোন দীর্ঘ সময় ধরে ব্যবহার করছেন।
দ্বিতীয় কারণ যন্ত্রাংশের সংকট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিস্তারে উন্নত প্রসেসর চিপের চাহিদা বেড়েছে। এআই ডেটা সেন্টার ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে এসব চিপ সংগ্রহে প্রতিযোগিতায় নামতে হচ্ছে স্মার্টফোন নির্মাতাদের। এতে চিপের দাম বাড়ছে, বাড়ছে উৎপাদন ব্যয়ও। ফলে ফোনের দাম বাড়ানোর চাপে পড়ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আর দাম বাড়লে ক্রেতার আগ্রহ আরও কমার ঝুঁকি তৈরি হয়।
তৃতীয় কারণ মূল্যস্ফীতি। দ্রব্যমূল্য বাড়ায় সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমছে। এর সঙ্গে ভূরাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক অনিশ্চয়তা বৈশ্বিক সরবরাহব্যবস্থা এবং উৎপাদন ব্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এসব কারণে অনেক ক্রেতা নতুন স্মার্টফোন কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন।
গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, এই মন্দার সবচেয়ে বড় ধাক্কা লাগবে চীনের স্মার্টফোন নির্মাতা অনর, অপো ও ভিভোর ওপর। এই ব্র্যান্ডগুলো মূলত কম ও মাঝারি দামের ফোনের বাজারের ওপর বেশি নির্ভরশীল। ক্রয়ক্ষমতা কমলে এই শ্রেণির ক্রেতারাই সবচেয়ে আগে ব্যয় সংকোচনে যান বলে প্রতিষ্ঠানগুলো তুলনামূলক বেশি ঝুঁকিতে পড়ছে।
সব মিলিয়ে স্মার্টফোন শিল্প এখন এক কঠিন সন্ধিক্ষণে। নতুনত্বের ঘাটতি, ব্যয়বৃদ্ধি ও দুর্বল চাহিদা একসঙ্গে মিলে বাজারকে চাপে ফেলেছে। নির্মাতাদের সামনে বড় প্রশ্ন, কীভাবে নতুন প্রযুক্তি ও আকর্ষণীয় বৈশিষ্ট্য দিয়ে ক্রেতাদের আবার আগ্রহী করা যায়। তা না হলে এই মন্দা আরও দীর্ঘ হতে পারে।

