সকালে ঘুম থেকে ওঠার পরের কয়েক ঘণ্টা রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতভর না খেয়ে থাকার পর দিনের শুরুতে কিছু অভ্যাস শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে। চিনি বা মিষ্টি খাওয়ার পাশাপাশি খালি পেটে চা-কফি পান, দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় থাকা, ধূমপান, পর্যাপ্ত পানি না খাওয়া কিংবা দেরিতে নাশতা করাও এর পেছনে ভূমিকা রাখতে পারে। তাই সুগার নিয়ন্ত্রণে রাখতে সকালে কোন ৫টি ভুল এড়িয়ে চলা জরুরি, জেনে নিন।
১. খালি পেটে দুধ চা বা কফি
সকালে ঘুম থেকে উঠেই চিনি দেওয়া কড়া চা বা কফিতে চুমুক দেওয়া বহু মানুষের প্রতিদিনের অভ্যাস। সঙ্গে দুটি বিস্কুটও থাকে। রাতে দীর্ঘ উপবাসের পর হঠাৎ করেই চিনি বা ক্যাফেইন পেটে গেলে তা খুব দ্রুত রক্তপ্রবাহে মিশে যায়। এতে রক্তে শর্করা আচমকা বেড়ে যেতে পারে। তাই দিনের শুরুটা প্রোটিন ও ফাইবার দিয়ে করাই ভালো। কফি বা চা চিনি দিয়ে খেতে চাইলে, সেটা খাবারের পরে খাওয়া উচিত।
২. ঘুম ভেঙেই আলস্য
বিছানা থেকে উঠেই মোবাইল দেখা বা একজায়গায় চুপ করে বসে থাকাও সুগার বেড়ে যাওয়ার কারণ। ঘুম থেকে ওঠার পর শরীরে কর্টিসল হরমোনের মাত্রা খানিক বেশি থাকে, যা রক্তে শর্করা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সকালে উঠে হালকা হাঁটাচলা না করলে পেশি সচল হয় না, ফলে রক্তে জমা হওয়া অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার না হয়ে রক্তেই রয়ে যায়। সকালে ১০-১৫ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে এই ঝুঁকি অনেকাংশে কমে।
৩. সকাল সকাল ধূমপান
তামাকের নিকোটিন শরীরের ইনসুলিন হরমোন ব্যবহারের ক্ষমতা কমিয়ে দেয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। খালি পেটে ধূমপান করলে শরীরে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা থেকে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই সকালে ধূমপানের অভ্যাস ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর।
৪. ঘুম থেকে উঠে পানি না খাওয়া
রাতে দীর্ঘ ৬-৮ ঘণ্টা ঘুমের পর সকালে উঠে জল না খেয়ে চা বা কফি খাওয়া বা অন্য খাবার খাওয়ার অভ্যাসের কারণেও সুগার বাড়তে পারে। শরীরে পানিশূন্যতার কারণে রক্তে শর্করা বা গ্লুকোজের ঘনত্ব বেড়ে যায়, ফলে গ্লুকোমিটারে সুগারের মাত্রা বেশি দেখায়। তাই সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন, এটি সুগার নিয়ন্ত্রণের প্রথম ধাপ।
৫. দেরিতে প্রাতরাশ
আপনি যদি সকাল ৮টায় ঘুম থেকে ওঠেন, কিন্তু বেলা ১২টায় খাবার খান, তা হলে সুগার বাড়বেই। রাতে দীর্ঘ সময় পেট ফাঁকা থাকার পর সকালেও খেতে দেরি করলে, লিভার তার জমানো গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে পাঠাতে থাকে। ফলে দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তের শর্করা খুব দ্রুত বাড়তে থাকে। তাই ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যে হালকা কিছু খাওয়ার চেষ্টা করুন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সকালের এই সাধারণ ভুলগুলো এড়িয়ে চললেই অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা যায় রক্তের শর্করা। আর সুগার রোগীদের জন্য তো এই অভ্যাসগুলো মেনে চলা অত্যন্ত জরুরি।

