গত সপ্তাহে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত নির্বাচনের পর এটা বললে অত্যুক্তি হবে না যে, যুক্তরাজ্যের লেবার পার্টি অস্তিত্বের সংকটের মুখোমুখি হয়েছে।
দলটি ইংল্যান্ডে তার প্রায় ১,৫০০ জন কাউন্সিলরকে হারায়, সেইসাথে কার্ডিফের সেনেডের নিয়ন্ত্রণও হারায়, যা ১৯৯৯ সাল থেকে তাদের দখলে ছিল; ওয়েলসে লেবার পার্টির ঐতিহাসিক আধিপত্যের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ছিল বিশেষভাবে বিধ্বংসী।
স্কটল্যান্ডেও এর আরও অবনতি ঘটেছে, যেখানে পর্যায়ক্রমিক পুনরুজ্জীবনের দাবি সত্ত্বেও লেবার পার্টির দীর্ঘ পতন অব্যাহত রয়েছে।
এই ফলাফলগুলোকে নিছক একটি মধ্যবর্তী প্রতিবাদী ভোট হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা ধোপে টিকবে না। আবার, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি সুবিচার করতে গেলে বলতে হয়, এগুলো শুধু ব্যক্তিগতভাবে তাঁর প্রত্যাখ্যানও নয়—যদিও তা-ও বটে।
এগুলো একটি মৌলিক কাঠামোগত সংকটের আরও প্রমাণ, যা লেবার পার্টির জোটকে বাম ও ডান উভয় দিকেই বিভক্ত করে দিচ্ছে। লেবার পার্টি আগেও বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে, কিন্তু সেই পরাজয়গুলো ঘটেছিল যখন শ্রমিক শ্রেণির জীবনে দলটির শিকড় আজকের চেয়ে অনেক বেশি গভীরে প্রোথিত ছিল।
তা সত্ত্বেও, আলোচনা দ্রুত নির্বাচন থেকে সরে গিয়ে লেবার নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারের টিকে থাকার প্রশ্নে মোড় নিয়েছে। লেবার এমপি এবং দলের অভ্যন্তরীণ ব্যক্তিরা প্রকাশ্যে একটি সম্ভাব্য নেতৃত্ব চ্যালেঞ্জ নিয়ে জল্পনা-কল্পনা করছেন, যা সরকারে যোগদানের মাত্র দুই বছর পরেই স্টারমারের অবস্থানের ভঙ্গুরতাকে প্রতিফলিত করে।
বহু লেবার এমপি এখন তাঁর পদত্যাগের আহ্বান জানালেও স্টারমার জোর দিয়ে বলেছেন যে তাঁর পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই। কিন্তু তাঁর জন্য সমস্যা হলো, যদি নেতৃত্বের জন্য তাঁকে চ্যালেঞ্জ করা হয়, তবে লেবার পার্টির ভেতরে বা বাইরে তাঁর খুব সামান্য রাজনৈতিক পুঁজি বা ব্যক্তিগত আনুগত্যই ভরসা করার মতো থাকবে।
অবস্থানের জন্য প্রতিযোগিতা
স্টারমারের পদের প্রধান প্রতিদ্বন্দ্বীরা নিজেদের গুছিয়ে নিচ্ছেন বলে মনে হচ্ছে এবং সম্ভবত অনেক দিন ধরেই তা করে আসছেন। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম হলেন লেবার পার্টির নরমপন্থী বামপন্থার জন্য আশার আলো, যদিও তাঁকে হাউস অফ কমন্সে ফিরে আসার একটি উপায় খুঁজে বের করতে হবে।
অন্যদিকে, এমপি অ্যাঞ্জেলা রেনার লেবার পার্টির একাংশ সদস্য এবং ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে সমর্থন ধরে রেখেছেন। এড মিলিব্যান্ডের নামও একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে, যদিও লেবার নেতা হিসেবে তার পূর্বের ব্যর্থতা তার পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তুলেছে।
প্রকাশ্য উচ্চাকাঙ্ক্ষী এমপি ওয়েস স্ট্রিটিং প্রায় নিশ্চিতভাবেই লেবার পার্টির ডানপন্থী অংশের প্রধান পতাকাবাহক হবেন। তবে, তার সম্ভাব্য বিজয়ের পথটি হবে বেশ সংকীর্ণ।
যদিও স্ট্রিটিং পার্লামেন্টারি লেবার পার্টির একাংশ ও গণমাধ্যমের জোরালো সমর্থন এবং কর্পোরেট দাতাদের কাছ থেকে বিপুল পৃষ্ঠপোষকতা পেতেন, তবুও লেবার সদস্যরা—সাবেক নেতা জেরেমি করবিনের বহু প্রাক্তন সমর্থকের স্বেচ্ছায় বা অন্য কোনো কারণে দলত্যাগের পরেও—এমন একজন কট্টর ব্লেয়ারপন্থী ব্যক্তিত্বকে সহজে মেনে নেবেন বলে মনে হয় না।
যদি সিদ্ধান্ত নেওয়ার ভার শুধু লেবার পার্টির সাংসদদের ওপর ছেড়ে দেওয়া হতো, তাহলে স্ট্রিটিংয়ের জেতার জোরালো সম্ভাবনা থাকত, কিন্তু বৃহত্তর সদস্যপদের ভোটাভুটি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এমনকি এখনও, সংসদীয় দল এবং লেবার পার্টির তৃণমূল স্তরের মধ্যে একটি সংযোগহীনতা রয়েছে।
অন্যদিকে, গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে বার্নহ্যাম তুলনামূলকভাবে সফল হয়েছেন, যে ভূমিকাটি তাকে জনসমক্ষে রেখেছে। কোভিড-১৯ মহামারীর সময় বরিস জনসনের তৎকালীন কনজারভেটিভ সরকারের সাথে তার সংঘাতগুলো তাকে বিশ্বাসযোগ্যতা এনে দিয়েছিল, যেমনটা এনে দিয়েছিল ২০২৩ সালের অক্টোবরের শুরুতেই গাজায় যুদ্ধবিরতির জন্য তার আহ্বান।
কিন্তু বার্নহামের প্রচলিত রাজনৈতিক হাওয়ার সাথে তাল মিলিয়ে চলার এক দীর্ঘ ইতিহাস রয়েছে; গর্ডন ব্রাউনের অধীনে মন্ত্রী থাকাকালীন তিনি ব্লেয়ারপন্থী ডানপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন, এরপর মিলিব্যান্ডের অধীনে বিরোধী দলে থেকে তিনি নরমপন্থী বামপন্থার দিকে ঝুঁকে পড়েন। লেবার পার্টির এত সদস্য যে তাঁর ওপর তাঁদের আশা ভরসা রাখছেন, তা সম্ভবত তিনি কোনো সুস্পষ্ট রাজনৈতিক বিকল্প হতে পারেন—এর চেয়ে বরং হতাশারই একটি লক্ষণ।
স্টারমার-পরবর্তী যেকোনো নরম-বামপন্থী নেতৃত্বের সামনে আরও একটি বড় কাঠামোগত বাধা রয়েছে: পার্লামেন্টারি লেবার পার্টি, যাকে স্টারমার ও মরগান ম্যাকসুইনি ব্যাপকভাবে পুনর্গঠন করেছেন; যেখানে প্রার্থী বাছাই কেন্দ্র থেকে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় (স্থানীয় দলীয় গণতন্ত্রের প্রতি স্টারমারের পূর্ববর্তী সমর্থনের ঘোষণা সত্ত্বেও) এবং অবশিষ্ট বামপন্থীদের প্রান্তিক করে ফেলা হয়েছে।
একটি প্রগতিশীল সরকার পরিচালনার ব্যাপারে তাঁদের উদ্দেশ্য আন্তরিক হলেও, বার্নহ্যাম বা রেইনার এমন একটি সংসদীয় দলের উত্তরাধিকারী হতেন যা অর্থবহ পরিবর্তনের ঘোর বিরোধী। মিলিব্যান্ড এবং তার চেয়ে অনেক বেশি মাত্রায় করবিন, উভয়েই তাঁদের নিজ নিজ নেতৃত্বকালে সংসদীয় দলের ডানপন্থী অংশের কাছ থেকে অবিরাম অভ্যন্তরীণ অন্তর্ঘাত, কটাক্ষ এবং অপবাদের শিকার হয়েছিলেন।
ক্ষয়িষ্ণু আনুগত্য
কয়েক দশক ধরে, লেবার পার্টির সাথে তার সামাজিক ভিত্তির সম্পর্ক ক্রমশ লেনদেনমূলক ও শর্তসাপেক্ষ হয়ে উঠেছে। একসময় যেখানে দলটি সমাজবিজ্ঞানী রালফ মিলিব্যান্ডের ভাষায় ‘শ্রমের জগৎ’-এর একটি অংশ ছিল—যা ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য স্থানীয় শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠানের পাশাপাশি শ্রমিক-শ্রেণির সম্প্রদায়ে দৃঢ়ভাবে প্রোথিত ছিল—সেখানে আজ, সম্ভবত গত এক শতাব্দীর মধ্যে এটি কোনো সম্মিলিত, সাম্প্রদায়িক পরিচয়ে সবচেয়ে কম প্রোথিত।
করবিন আমলের প্রায় ৫ লাখ ৩০ হাজারের সর্বোচ্চ সংখ্যা থেকে দলটির সদস্য সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। লেবার পার্টির প্রতি সাংস্কৃতিক ও আবেগগত উভয় প্রকার আনুগত্যই ভেঙে গেছে।
আমরা এখন সেই দীর্ঘমেয়াদী ক্ষয়ের নির্বাচনী পরিণতি দেখতে পাচ্ছি। লেবার পার্টি দুই দিক থেকেই চাপের মুখে পড়ছে। ইংল্যান্ডের উত্তর ও মিডল্যান্ডস জুড়ে তাদের প্রাক্তন শিল্পাঞ্চলগুলোতে—যেখানে ট্রেড ইউনিয়নের প্রতি আনুগত্য এবং সম্মিলিত সংগ্রামের স্মৃতি, যা একসময় ছিল সুস্পষ্ট ও বাস্তব, তা এখন ক্রমশ দূরবর্তী হয়ে পড়ছে—সেখানে তাদের ভিত্তি প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে, যা রিফর্ম ইউকে-কে সেখানকার সৃষ্ট বিচ্ছিন্নতা ও অসন্তোষকে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে।
স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টির কাছে ইতোমধ্যেই ক্ষমতাচ্যুত হওয়ার পর, দলটি এখন ওয়েলসে প্লাইড সাইমরুর কাছে কোণঠাসা হয়ে পড়েছে। একই সময়ে, ইংল্যান্ডের প্রধান শহরগুলোতে দলটি গ্রিনসদের কাছে সমর্থন হারাচ্ছে।
গাজায় সংঘটিত গণহত্যা এবং এতে লেবার পার্টির সম্পৃক্ততা দলটির সংকটকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে। ইসরায়েলের প্রতি স্টারমারের সমর্থন—যার মধ্যে গণহারে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার সময় ব্রিটিশ অস্ত্রশস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহও অন্তর্ভুক্ত ছিল—ব্রিটিশ মুসলিম এবং তরুণ, বামপন্থী ভোটারসহ লেবার পার্টির বহুদিনের সমর্থকদের মধ্যে প্রকৃত নৈতিক ক্ষোভের জন্ম দিয়েছে। এই বিচ্ছেদটি শেষ পর্যন্ত স্থায়ী হয়েও যেতে পারে।
কিন্তু স্টারমারের সম্ভাব্য উত্তরসূরিরা এই ক্ষোভের গভীরতা ও তীব্রতা কতটা উপলব্ধি করেন, তা স্পষ্ট নয়। বার্নহ্যামের প্রাথমিক যুদ্ধবিরতির আহ্বান তাকে স্টারমার থেকে আলাদা করেছিল, কিন্তু তারপর থেকে তার তুলনামূলক নীরবতা লেবার পার্টির উচ্চ মহলে গ্রহণযোগ্য ভিন্নমতের সীমাবদ্ধতাকেই তুলে ধরে। এই বিষয়ে রেইনার এবং এড মিলিব্যান্ডের বলার মতো গুরুত্বপূর্ণ কথা আরও কম ছিল।
এমনটা হতে পারে যে, দলের শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তিকে পরিবর্তন করে লেবার পার্টির সমস্যাগুলোর আর সমাধান করা সম্ভব নয়। ১৯৮০-এর দশক থেকে সংগঠিত শ্রমিক আন্দোলন এবং এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পতনের ফলে ভোটারদের পক্ষে এখন লেবার পার্টিকে পরিত্যাগ করা আগের সময়ের তুলনায় অনেক সহজ হয়ে পড়েছে।
কঠিন সময় পার করার জন্য সেই গভীর আনুগত্যের ওপর নির্ভর করার বিলাসিতা দলটির আর নেই। তাই একজন নতুন নেতা স্টারমারকে ক্ষমতাচ্যুত করে হয়তো আবিষ্কার করবেন যে, দলীয় কাঠামোর ভিত্তি—যা এক শতাব্দী ধরে লেবার পার্টিকে টিকিয়ে রেখেছিল—তা চিরতরে ভেঙে পড়েছে।
- টম ব্ল্যাকবার্ন: ম্যানচেস্টারের একজন লেখক। ‘নিউ সোশ্যালিস্ট’-এর প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক হিসেবে তিনি ‘দ্য গার্ডিয়ান’, ‘ট্রিবিউন’ এবং ‘জ্যাকবিন’-এর মতো প্রকাশনায় লিখেছেন। সূত্র: ‘মিডল ইস্ট আই’-এর ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত

