কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ২০২৭ সালে শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিতে পারে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এমন ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওপেনএআইয়ের মোট আয়ের অর্ধেকের বেশি এখন আসছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে।
বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাপায় ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রযুক্তি সম্মেলনে এ কথা বলেন ব্রকম্যান। আগামী বছর ওপেনএআই শেয়ারবাজারে আসার জন্য প্রস্তুত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর মনে হয় প্রস্তুত থাকবে। তবে এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়। ২০২৭ সালে আইপিও নিশ্চিত হয়েছে, এমন কথা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। ব্রকম্যানের বক্তব্যকে তাই সম্ভাবনার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
ব্রকম্যান জানান, ব্যক্তিগত গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে এআই সেবা বিক্রিতে এখন বেশি গুরুত্ব দিচ্ছে ওপেনএআই। বর্তমানে প্রতিষ্ঠানের মোট আয়ের বড় অংশই আসছে প্রাতিষ্ঠানিক গ্রাহকদের কাছ থেকে। এই গ্রাহক বাড়াতে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের সঙ্গে প্রতিযোগিতা করছে ওপেনএআই। এ ক্ষেত্রে নিজেদের কোডেক্স নামের এআই এজেন্টকেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক প্রবৃদ্ধিকে কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ সংগ্রহের চেষ্টা জোরদার করেছে ওপেনএআই। এর আগে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে আসার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিল। এবার ২০২৭ সালে আইপিওর জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনার কথা শোনা গেল ব্রকম্যানের মুখে।
এদিকে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকও চলতি বছরের শেষ নাগাদ শেয়ারবাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এআই খাতের দুই বড় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগ সংগ্রহ নিয়েও প্রতিযোগিতা বাড়ছে।
প্রাতিষ্ঠানিক গ্রাহকনির্ভর আয় বাড়ার বিষয়টি ওপেনএআইয়ের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শেয়ারবাজারে আসতে চাইলে স্থিতিশীল ও পুনরাবৃত্ত আয়ের উৎস বিনিয়োগকারীদের কাছে বড় আস্থার জায়গা তৈরি করে। তবে আইপিওর সময়, আকার ও শর্ত নিয়ে এখনো কিছুই স্পষ্ট নয়। এখন দেখার বিষয়, প্রতিষ্ঠানটি কবে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় এবং অ্যানথ্রপিক আগে বাজারে এলে প্রতিযোগিতার চিত্র কীভাবে বদলায়।

