সংরক্ষিত আয়ের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ওষুধ খাতের প্রতিষ্ঠান রয়েছে চারটি। এসব কোম্পানির সম্মিলিত সংরক্ষিত আয় ২৪ হাজার ৬০৮ কোটি টাকা, যা শীর্ষ ১০ কোম্পানির মোট সংরক্ষিত আয়ের প্রায় ৪৮ শতাংশ। কোম্পানিগুলোর কাছে নগদ ও নগদ সমপরিমাণ অর্থ রয়েছে মোট ৯ হাজার ৯৮৯ কোটি টাকা।
কোনো কোম্পানি বছর শেষে অর্জিত মুনাফার পুরোটা শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ না করে যে অংশ ব্যবসার প্রয়োজনে রেখে দেয়, সেটিই সংরক্ষিত আয়। এই অর্থ নতুন বিনিয়োগ, উৎপাদন সম্প্রসারণ, যন্ত্রপাতি আধুনিকায়ন কিংবা চলতি মূলধনের চাহিদা পূরণে কাজে লাগে। তবে সংরক্ষিত আয়ের পুরো অর্থ নগদ হিসেবে কোম্পানির হাতে থাকে না। এর একটি অংশ বিভিন্ন সম্পদ ও বিনিয়োগের মধ্যেও থাকতে পারে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সংরক্ষিত আয় ছিল ১৩ হাজার ৫৬২ কোটি টাকা। একই সময়ে কোম্পানিটির হাতে নগদ ও নগদ সমপরিমাণ অর্থ ছিল ৫ হাজার ৩৮৬ কোটি টাকা।
ব্যবসা সম্প্রসারণেও নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানার আধুনিকায়ন, বিদ্যমান উৎপাদনব্যবস্থার উন্নয়ন, মূলধনি যন্ত্রপাতি ও জমি কেনার জন্য ৭২৫ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের হিসাব ও অর্থ বিভাগের প্রধান মো. কবীর রেজা জানিয়েছেন, কোম্পানির সংরক্ষিত আয় নগদ অর্থ, শেয়ার ও বন্ডে বিনিয়োগ এবং নিজস্ব ব্যবসায় ব্যবহৃত সম্পদের আকারে রয়েছে। প্রয়োজন অনুযায়ী চলতি মূলধন বাড়ানো, পণ্যের মজুত বৃদ্ধি কিংবা নতুন প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে নিজস্ব তহবিল ব্যবহার করতে পারছে প্রতিষ্ঠানটি।
তাঁর মতে, ব্যাংকঋণের ওপর নির্ভর করতে না হওয়ায় সুদ পরিশোধের চাপ ছাড়াই ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে।
সংরক্ষিত আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের জুন ২০২৬ শেষে জমা মুনাফার পরিমাণ ছিল ৮ হাজার ৯১২ কোটি টাকা। ওই সময়ে কোম্পানিটির কাছে নগদ অর্থ ছিল ৮২১ কোটি টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে বিএটিবিসি। সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির সংরক্ষিত আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৮ কোটি টাকায়। একই সময়ে নগদ অর্থের পরিমাণ ছিল ১ হাজার ২৮৬ কোটি টাকা।
চতুর্থ অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষিত আয় মার্চ শেষে ছিল ৪ হাজার ৭১৮ কোটি টাকা। কোম্পানিটির হাতে নগদ অর্থ ছিল ৪২৩ কোটি টাকা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আলী নেওয়াজের মতে, সংরক্ষিত আয় বেশি থাকলেই কোনো কোম্পানির আর্থিক অবস্থা ভালো, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বরং সেই অর্থ কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি কতটা মুনাফা অর্জন করতে পারছে, সেটিও বিবেচনা করা প্রয়োজন।
তিনি জানান, তাঁদের প্রতিষ্ঠানে বিনিয়োগের বিপরীতে আয় প্রায় ১২ শতাংশ। অন্যদিকে একই অর্থ ব্যাংকে নগদ হিসেবে রাখা হলে সর্বোচ্চ ৭ থেকে ৮ শতাংশ আয় পাওয়া যেত। ফলে ব্যবসায় পুনর্বিনিয়োগের মাধ্যমে তুলনামূলক বেশি মুনাফা অর্জন করা সম্ভব হচ্ছে।
তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে রেনাটা। সেপ্টেম্বর ২০২৬ শেষে ওষুধ খাতের এই কোম্পানির সংরক্ষিত আয় ছিল ৩ হাজার ৭৩২ কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ৩২৬ কোটি টাকায়।
ষষ্ঠ অবস্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জুন শেষে সংরক্ষিত আয় ছিল ৩ হাজার ৫৭২ কোটি টাকা। প্রতিষ্ঠানটির কাছে নগদ অর্থ ছিল ৯১ কোটি টাকা।
ইস্পাত খাতের বিএসআরএম গ্রুপের দুটি কোম্পানিও শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে। এর মধ্যে বিএসআরএম লিমিটেড সপ্তম এবং বিএসআরএম স্টিলস নবম অবস্থানে রয়েছে।
জুন শেষে বিএসআরএম লিমিটেডের সংরক্ষিত আয় ছিল ৩ হাজার ৪০১ কোটি টাকা। একই সময়ে কোম্পানিটির নগদ অর্থের পরিমাণ ছিল ৭৯ কোটি টাকা। অন্যদিকে বিএসআরএম স্টিলসের সংরক্ষিত আয় ছিল ২ হাজার ৬৬৬ কোটি টাকা এবং নগদ অর্থ ৬৬০ কোটি টাকা।
বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত জানিয়েছেন, ব্যবসার আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রতিষ্ঠানটির বিনিয়োগ অব্যাহত রয়েছে। ভবিষ্যতে বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার অংশ হিসেবে ভূমি উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির প্রাথমিক কাজ চলছে।
তিনি বলেন, নিজস্ব তহবিল ব্যবহারের কারণে গত দুই বছরে ব্যাংকঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। বর্তমানে ব্যাংকঋণের সুদহার ১২ থেকে ১৪ শতাংশ হওয়ায় ঋণনির্ভর ব্যবসায় মুনাফার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এ কারণে সংরক্ষিত আয় ব্যবহার করে ঋণের পরিমাণ ও সুদ ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অষ্টম অবস্থানে থাকা গ্রামীণফোনের সেপ্টেম্বর শেষে সংরক্ষিত আয় ছিল ২ হাজার ৮০২ কোটি টাকা। একই সময়ে টেলিযোগাযোগ খাতের এই কোম্পানির কাছে নগদ অর্থ ছিল ৬৮০ কোটি টাকা।
তালিকার দশম অবস্থানে রয়েছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই)। মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির সংরক্ষিত আয় ছিল ২ হাজার ৫৯৬ কোটি টাকা। ওই সময়ে নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ২৩৭ কোটি টাকায়।
এদিকে দেশে বেসরকারি খাতে বিনিয়োগের গতি কমে যাওয়ায় ব্যাংকঋণের প্রবৃদ্ধিও ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ে নেমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৭ শতাংশে। এ নিয়ে টানা সাত মাস এই প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে।
অন্যদিকে আগস্ট শেষে দেশের ব্যাংকঋণের গড় সুদহার ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ। বৃহৎ শিল্পের ক্ষেত্রে গড় সুদহার আরও বেশি, ১২ দশমিক ০৪ শতাংশ।
উচ্চ সুদহারের কারণে অনেক কোম্পানি নতুন বিনিয়োগে ব্যাংকঋণের পরিবর্তে নিজস্ব তহবিল ব্যবহারের দিকে ঝুঁকছে। এতে সুদ ব্যয় কমানোর পাশাপাশি আর্থিক ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।
একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার মো. রোকোনুজ্জামানের মতে, ভবিষ্যৎ ব্যবসায়িক প্রয়োজন বিবেচনায় কোম্পানিগুলো মুনাফার একটি অংশ সংরক্ষণ করে। ব্যবসা সম্প্রসারণ ও চলতি মূলধনের চাহিদা পূরণে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করলে ব্যাংকঋণের মতো সুদ দিতে হয় না। এ কারণে সংরক্ষিত আয় ব্যবসার কঠিন সময়ে আর্থিক সুরক্ষা হিসেবে কাজ করতে পারে।
তবে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকায় অনেক কোম্পানি নতুন প্রকল্পে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে। ফলে তাদের সংরক্ষিত আয়ের পরিমাণ তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। ভবিষ্যতে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হলে এসব কোম্পানি ব্যবসা সম্প্রসারণে আরও অর্থ ব্যয় করতে পারে বলে মনে করছেন তিনি।
বিশ্লেষকদের মতে, সংরক্ষিত আয় কোম্পানির আর্থিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক হলেও শুধু এই হিসাব দিয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক স্বাস্থ্য নির্ধারণ করা যায় না। সংরক্ষিত অর্থের বিপরীতে অর্জিত মুনাফা, নগদ প্রবাহ, ঋণের পরিমাণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনাও বিবেচনায় নিতে হবে।
তথ্যসূত্র: বণিক বার্তা

