ঔষধ উৎপাদন ও বিপণনকারী তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় ও মুনাফা দুটোই বেড়েছে। এ সময়ে কোম্পানিটির সমন্বিত নিট রাজস্ব হয়েছে ১ হাজার ৪৬৬ কোটি টাকা, যা আগের হিসাব বছরের একই প্রান্তিকের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি।
কোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বেক্সিমকো ফার্মার নিট রাজস্ব ছিল ১ হাজার ৩৭৯ কোটি ৪৮ লাখ টাকা। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ কোটি ৭৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে প্রায় ৮৬ কোটি ৩১ লাখ টাকা।
রাজস্ব বৃদ্ধির পাশাপাশি মুনাফাতেও ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৩৩৯ কোটি ৮৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩২৯ কোটি ৩৭ লাখ টাকা। অন্যদিকে, কর-পরবর্তী নিট মুনাফা ২৪০ কোটি ১৩ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫৯ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসাবে নিট মুনাফা বেড়েছে প্রায় ৮ দশমিক ১ শতাংশ।
মুনাফা বাড়ায় শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) বেড়েছে। প্রথম প্রান্তিকে সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৭২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৩০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৯০ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ১২৪ টাকা ৩৪ পয়সা।
এদিকে, ২০২৫-২৬ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে এ লভ্যাংশের পরিমাণ ৬ টাকা। ওই হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২০ টাকা ১৭ পয়সা।

