রোববার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, অ্যাম্বি ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা পাবেন বিনিয়োগকারীরা। ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
বাকি তিন কোম্পানির লভ্যাংশের হার তুলনামূলকভাবে অনেক কম। বিডি থাই ফুড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এতে প্রতি শেয়ারে পাওয়া যাবে ১ পয়সা। তবে ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২ পয়সা। জুন শেষে এনএভিপিএস ছিল ১১ টাকা ৩৯ পয়সা। ২৯ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট ৬ ডিসেম্বর।
ইন্দো-বাংলা ফার্মা ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এতে প্রতি শেয়ারে মিলবে দেড় পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে মাত্র ১ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৭ ডিসেম্বর। অন্যদিকে, একমি পেস্টিসাইডসের পর্ষদ ০.০২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এতে ১০টি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন ২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা। ২৯ ডিসেম্বর এজিএম এবং ৩ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এদিকে, বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর এবং রেকর্ড ডেট ৬ ডিসেম্বর।

