গত ৬ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২১৩তম সভায় জমি বিক্রির সিদ্ধান্ত নেয় প্রগ্রেসিভ লাইফ। ডিএসইতে ৭ অক্টোবর প্রকাশিত পিএসআই অনুযায়ী, ঢাকার আফতাবনগরে ৮ দশমিক ৫৪ কাঠা জমি প্রতি কাঠা ১ কোটি ৭০ লাখ টাকা দরে বিক্রি করতে চায় কোম্পানিটি। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১৪ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা। তবে ঘোষণায় ক্রেতার পরিচয় ও লেনদেনের বিস্তারিত শর্ত উল্লেখ করা হয়নি।
বিএসইসি ডিএসইকে পাঁচটি বিষয় যাচাই করতে বলেছে। এর মধ্যে রয়েছে জমির সম্ভাব্য ক্রেতার পরিচয় এবং কোম্পানির সঙ্গে তাঁর কোনো স্বার্থের সংঘাত রয়েছে কি না, কোম্পানির মোট দৃশ্যমান সম্পদের তুলনায় বিক্রয়যোগ্য জমির অংশ কতটুকু, গত এক বছরে কোম্পানিটি অন্য কোনো সম্পদ বিক্রি করেছে কি না এবং সম্প্রতি উদ্যোক্তা পরিচালক বা তাঁদের সংশ্লিষ্ট ব্যক্তিরা কোম্পানির শেয়ার বিক্রি করেছেন কি না। এসব তথ্য যাচাই করে লেনদেনের স্বচ্ছতা ও সম্ভাব্য অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে চায় কমিশন।
জমি বিক্রির উদ্যোগটি এমন এক সময়ে এসেছে, যখন প্রগ্রেসিভ লাইফের কাছে গ্রাহকদের বিমা দাবি বকেয়া রয়েছে বিপুল পরিমাণে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটির মোট বিমা দাবির পরিমাণ ছিল ১৬৯ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে পরিশোধ করা হয়েছে মাত্র ১০ কোটি ৬৭ লাখ টাকা। বাকি ১৫৯ কোটি ২৩ লাখ টাকা অনিষ্পন্ন রয়েছে। অর্থাৎ, মোট দাবির ৯৩ দশমিক ৭২ শতাংশই তখনো পরিশোধ করা হয়নি।
বকেয়া দাবি মেটাতে এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেদের স্থাবর সম্পদ বিক্রির উদ্যোগ নেয় কোম্পানিটি। এ জন্য দরপত্র আহ্বান করে ঢাকার কাকরাইলের নাভানা রহিম আর্ডেন্ট ভবনের ফ্ল্যাট ও পার্কিং স্পেস, বিজয়নগরের ইস্টার্ন আরজু কমপ্লেক্সের বিভিন্ন তলার জায়গা এবং আফতাবনগর ও মৌলভীবাজারের জমি বিক্রির প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে আফতাবনগরের ১৪ দশমিক ০৯ শতাংশ জমির পরিমাণ ৮ দশমিক ৫৪ কাঠার সমান।
এদিকে, গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধে অর্থের ব্যবস্থা করতে গত ২ নভেম্বর আইডিআরএ কোম্পানিটিকে ১৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেয়। সরকারি ট্রেজারি বন্ড নগদায়ন অথবা স্থাবর সম্পদ বিক্রি করে এ অর্থ জমা দেওয়ার শর্ত দেওয়া হয়। এ নির্দেশনার পর ৪ নভেম্বর থেকে নতুন বিমা পলিসি বিক্রি ও সেসবের প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে পুরোনো পলিসির নবায়ন প্রিমিয়াম গ্রহণ ও বিমা দাবি পরিশোধ চালু রাখার সুযোগ রয়েছে। আইডিআরএ আফতাবনগরের জমি বিক্রিতে নীতিগত অনুমোদনও দিয়েছে বলে ৪ নভেম্বরের এক প্রতিবেদনে জানানো হয়। জমি বিক্রির অর্থ গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধে ব্যবহারের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
প্রগ্রেসিভ লাইফ ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন প্রায় ১৬ কোটি ৬৪ লাখ টাকা। বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের আরেকটি বিষয় হলো, কোম্পানির ওয়েবসাইটে সর্বশেষ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন পাওয়া যাচ্ছে। এর পরের বছরের বার্ষিক প্রতিবেদন সেখানে তালিকাভুক্ত নেই। ফলে কোম্পানিটির বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে বিনিয়োগকারীদের কাছে হালনাগাদ তথ্যের ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে জমি বিক্রির প্রস্তাবের ক্রেতা, মূল্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থের বিষয়গুলো যাচাইয়ে বিএসইসির উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

