শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি টানা দ্বিতীয় বছরের মতো শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। ২০২৫ সালের জন্য ‘নো ডিভিডেন্ড’ বা লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
কোম্পানিটির প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর একই হিসাবে শেয়ারপ্রতি আয় ছিল ৫১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা থেকে লোকসানে চলে গেছে কোম্পানিটির সমন্বিত আর্থিক হিসাব। তবে শুধু মূল কোম্পানির একক আর্থিক হিসাবে চিত্রটি ভিন্ন। ওই হিসাবে ২০২৫ সালে ৬ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি, যেখানে আগের বছর মুনাফা ছিল ৭ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকা। একক হিসাবে শেয়ারপ্রতি আয়ও আগের বছরের ১৪ পয়সা থেকে কমে ১২ পয়সা হয়েছে।
সমন্বিত হিসাবে কোম্পানিটির নিট সম্পদমূল্যও কমেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা, যা আগের বছর ছিল ১৮ টাকা ৩২ পয়সা। এর আগে ২০২৪ সালের জন্যও কোনো লভ্যাংশ ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি, যদিও সে বছর সমন্বিত হিসাবে মুনাফা হয়েছিল প্রায় ২৮ কোটি ৮৯ লাখ টাকা।
পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভায় লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ জন্য আগামী ৯ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এদিকে লভ্যাংশ না দেওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার লেনদেনে কোম্পানিটির শেয়ারের দামে বড় পতন দেখা যায়। ঘোষণার কারণে দিনটিতে শেয়ারের মূল্য ওঠানামায় কোনো সীমা ছিল না। ডিএসইর তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৩৪ মিনিটে শেয়ারটির দাম দাঁড়ায় ১২ টাকা ২০ পয়সা, যা আগের দিনের সমন্বিত সমাপনী দামের তুলনায় ১৩ দশমিক ৪৮ শতাংশ কম। টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় আগামী ২২ নভেম্বর থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে।

