পুঁজিবাজারের এসএমই বোর্ডে শেয়ার লেনদেনের জন্য যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে তুলনামূলক কম বিনিয়োগযোগ্য পোর্টফোলিও থাকা বিনিয়োগকারীদের জন্য এসএমই বোর্ডে লেনদেনের সুযোগ বাড়বে। তবে নতুন সীমা কার্যকর হবে এ বিষয়ে সংশোধিত আদেশ বা নির্দেশনা জারির পর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এসএমই বোর্ডে লেনদেনের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বিনিয়োগসীমা কমানোর পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইনে আয়োজনের সুযোগ বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে থাকা সব তালিকাভুক্ত কোম্পানি এবং সংশ্লিষ্ট বছরে অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে। কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকলে অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেই এ সুবিধা পাবে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এদিকে ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও নাকচ করেছে বিএসইসি। ফান্ডগুলো হলো এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।
বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগ করায় ইউনিটহোল্ডাররা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ কারণে কমিশনের ১ হাজার ১৮তম সভায় এলআর গ্লোবালের সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেও মঙ্গলবারের সভায় তা খারিজ করা হয়।

