দেশের পুঁজিবাজারে বড় ও ভালো মানের বেসরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বিধিমালায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত পরিবর্তনে শেয়ারের মূল্য নির্ধারণ, বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ, নিরীক্ষা এবং কোম্পানির আর্থিক যোগ্যতা যাচাইয়ের নিয়মে পরিবর্তন আসতে পারে। বড় আইপিওর ক্ষেত্রে নতুন বুক রানিং পদ্ধতিও চালুর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব পরিকল্পনার কথা জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। ‘নতুন আইপিও, নতুন সুযোগ: বাংলাদেশের পুঁজিবাজারে বড় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অন্তর্ভুক্তির যৌক্তিকতা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, দেশের পুঁজিবাজারের বাজার মূলধন জিডিপির তুলনায় প্রায় ৮ শতাংশ। এ অবস্থার পরিবর্তনে ভালো কোম্পানির তালিকাভুক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো জরুরি।
প্রস্তাবিত আইপিও বিধিমালায় শেয়ারের দাম নির্ধারণে পুরোপুরি বুক বিল্ডিং পদ্ধতি অনুসরণের পরিকল্পনা রয়েছে। এ পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ারের জন্য নিজেদের পছন্দের দাম প্রস্তাব করবেন। সফল দরদাতারা আর সবার মতো একই কাট-অফ দামে নয়, বরং নিজেদের প্রস্তাব করা দামে শেয়ার পাবেন। এতে বিনিয়োগকারীদের মূল্যায়নের ভিত্তিতে শেয়ারের দাম নির্ধারণ আরও বাস্তবসম্মত হবে বলে মনে করছে কমিশন।
এ ছাড়া ৫০০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করতে চাওয়া কোম্পানির জন্য বুক রানিং পদ্ধতি চালুর প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ ও দরপ্রস্তাব যাচাই করে শেয়ার ছাড়ার আগেই বাজারের চাহিদা সম্পর্কে ধারণা পাবে কোম্পানিগুলো। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দে লটারি চালু এবং মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা বরাদ্দ রাখার বিষয়টিও বিবেচনা করছে কমিশন। একই সঙ্গে নির্দেশক মূল্যের ৫০ শতাংশ নিচে ও ৫০ শতাংশ ওপরে দরপ্রস্তাবের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কোম্পানির আর্থিক সক্ষমতা যাচাইয়ের নিয়মেও পরিবর্তন আনতে চায় বিএসইসি। চেয়ারম্যান জানান, আইপিওর আগে শেয়ারের মূল্যায়নে ইস্যু ম্যানেজারদের চারটি পদ্ধতি বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়। নতুন নিয়মে তাদের উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে কেন ওই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে, তার যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি কোম্পানির মুনাফার পাশাপাশি পরিচালন কার্যক্রম থেকে আসা নগদ অর্থের প্রবাহকে বেশি গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণে প্রাথমিকভাবে লোকসানে থাকা মূলধননির্ভর শিল্পপ্রতিষ্ঠানের জন্যও বিশেষ বিবেচনার সুযোগ রাখার কথা জানিয়েছেন তিনি।
বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে আরও কয়েকটি পরিবর্তনের কথা জানিয়েছে কমিশন। আইপিও থেকে সংগ্রহ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ পরিশোধে ব্যবহারের সুযোগ এবং দুই দফা ঋণ পুনর্গঠন করা কোম্পানির তালিকাভুক্তির যোগ্যতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদেশি আন্ডাররাইটারদেরও বাংলাদেশের আইপিও প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে। এ ছাড়া নির্দিষ্ট শর্তে স্পনসর ও পরিচালকদের শেয়ার হস্তান্তরের বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে মিউচুয়াল ফান্ড খাতকে শক্তিশালী করার ওপরও গুরুত্ব দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। তাঁর মতে, দেশের পুঁজিবাজারে খুচরা বিনিয়োগকারীর আধিক্য রয়েছে। অনেক বিনিয়োগকারীর পক্ষে কোম্পানির আর্থিক অবস্থা ও শেয়ারের যথাযথ মূল্যায়ন করা কঠিন। এ ক্ষেত্রে পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ড বাজারে দীর্ঘমেয়াদি ও দক্ষ বিনিয়োগ বাড়াতে পারে। মিউচুয়াল ফান্ড বিক্রির জন্য লাইসেন্সপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ এবং আইপিওতে ফান্ডগুলোর বরাদ্দ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি স্টক এক্সচেঞ্জে সুকুকের দ্বিতীয় বাজারে লেনদেন চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।
পুঁজিবাজারের লেনদেন ও নিষ্পত্তি ব্যবস্থায়ও পরিবর্তন আসছে। বিএসইসি চেয়ারম্যান জানান, আগামী ৪ জানুয়ারি ২০২৭ থেকে টি+১ সেটেলমেন্ট ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লেনদেনের পরবর্তী কর্মদিবসেই শেয়ার ও অর্থ নিষ্পত্তি হবে। এ ছাড়া ইন্ট্রাডে ট্রেডিং এবং স্ক্রিপ নেটিং চালুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। আইপিওর নথিপত্র যাচাইয়ে নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারের দায়িত্ব বাড়াতে এক্সটেন্ডেড অডিট ব্যবস্থা এবং আর্থিক উপদেষ্টাদের লাইসেন্সের আওতায় আনার কাজও চলছে।
মাসুদ খান বলেন, প্রস্তাবিত আইপিও বিধিমালার খসড়া ইতিমধ্যে জনমত যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে। অংশীজনদের মতামত পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে। বড় কোম্পানিগুলো স্বেচ্ছায় পুঁজিবাজারে না এলে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করা কিছু প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

